
নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ–বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।
কিন্তু দেড় মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলি পালন সাপেক্ষে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
আগামী মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রপ্তানি-২ কক্ষ নম্বর ১২৭–এ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না। যারা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের দরকার নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কয়েক দিন আগে এই উপদেষ্টা বিবিসিকে বলেন, ‘অনেক মাছ এখনো বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না।’
প্রতিবছরই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো। কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ‘ইলিশ কূটনীতির’ প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত। তারা এটাকে উপহার বলত। এইবার আমি মনে করি না, আমাদের উপহার দেওয়ার দরকার আছে। কারণ, ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না।’
হাসিনা সরকারের আমলে উৎসবের মৌসুমগুলোতে ভারতে বিপুল পরিমাণ মাছের চালান পাঠানো হয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ইলিশ উপহার পাঠিয়েছেন তিনি। ২০১৭ সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকেও ৩০ কেজি ইলিশ উপহার দেন শেখ হাসিনা।
কিন্তু, নজিরবিহীন ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ইলিশ নিয়ে বাংলাদেশের কূটনীতির সুর পাল্টে যায়। যদিও ভারতে ইলিশ না পাঠানোর কারণ হিসেবে বেশি ধরা না পড়া, খারাপ আবহাওয়া এবং স্থানীয় বাজারগুলোতে দাম বেড়ে যাওয়ার কথা বলেছে নতুন সরকার।
বিবিসির তথ্যমতে, বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশই ইলিশ। দেশের জিডিপিতে এটি প্রায় ১ শতাংশ অবদান রাখে। বাংলাদেশের জেলেরা বছরে ছয় লাখ টন ইলিশ ধরেন এবং এই মাছের বেশির ভাগটাই আসে সমুদ্র থেকে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে বাঙালি সংস্কৃতি এবং রন্ধনপ্রণালিতে গভীরভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ। সূক্ষ্ম স্বাদ এবং নানা ব্যবহারের জন্য এই মাছ প্রশংসিত। তাই ইলিশের অভাব হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় অঞ্চলের মানুষের জন্যই এটি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে।
বিগত বছরগুলোতে সরকার ভারতে দুর্গাপূজার সময় বছরে তিন থেকে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
আরও খবর পড়ুন:

জিএফবি গ্রুপ ইউএসের অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকার ৪০ জন হতদরিদ্র রোগীর চোখের ছানি অপারেশনসহ লেন্স প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর দৃষ্টি আই হসপিটাল মোহাম্মদপুরে সম্পূর্ণ বিনা মূল্যে এই ৪০ রোগীর অপারেশন সম্পন্ন হয়...
১ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ পেমেন্ট উদ্যোগকে আরও বেগবান এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী করতে মার্চেন্টদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা করেছে বিকাশ। দেশজুড়ে এ পর্যন্ত ৯৭টি এলাকায় আয়োজিত এসব সভায় বিকাশের প্রায় ১ হাজার ৫০০ মার্চেন্ট অংশ নেন।
২ ঘণ্টা আগে
ব্যাটারি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সৌরবিদ্যুতের সমন্বয় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের মূল ভিত্তি হয়ে উঠছে। শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন এখন আর যথেষ্ট নয়— নবায়নযোগ্য জ্বালানি যখন প্রয়োজন, তখন তা নিশ্চিত করতে আমাদের ইন্টেলিজেন্ট এনার্জি স্টোরেজ এবং গ্রিড-ফর্মিং প্রযুক্তি দরকার।
৩ ঘণ্টা আগে