ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র: কৌশলে স্ত্রীদের নামে বাসা
• স্ত্রীদের অস্থায়ী চাকরিতে নিয়োগ দিয়ে তাঁদের নামে বাসা বরাদ্দ।
• ব্যবস্থাপকসহ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে অর্ধকোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ ১৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে সরকারি আবাসন বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা নিজেদের স্ত্রীদের সম্পূর্ণ অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে নিয়োগ দিয়ে তাঁদের নামে সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন। এতে বছরের পর বছর বেতন থেকে বাসাভাড়া কর্তন না হওয়ায় সরকারের প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। শুধু তা-ই নয়, বাসা বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
অনুসন্ধানে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রামাণিক ওই কেন্দ্রের ‘শাহ মালুম (র.)’ নামক ভবনে ১ হাজার বর্গফুটের একটি তারকাচিহ্নিত বাসায় ১৯ বছর ধরে থাকছেন। দীর্ঘদিন ধরে তিনি তাঁর জন্য বরাদ্দ করা বাসায় বসবাস করলেও তাঁর বেতন থেকে বাসাভাড়া কাটা যাচ্ছে না।
সূত্র জানায়, রবিউল ফেঞ্চুগঞ্জে যোগদানের সময় তাঁর স্ত্রী শামসুন নাহারকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের ফেঞ্চুগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অস্থায়ী ‘দৈনিক সম্মানী’র ভিত্তিতে নিয়োগ দেন। তখন থেকে কাগজপত্রে স্ত্রীর নামে এই বাসা বরাদ্দ দিয়ে রেখেছিলেন।
ব্যবস্থাপক রবিউল বলেন, ‘যেহেতু দুজন চাকরি করছি, যেকোনো একজনের বেতন থেকে ভাড়া কেটে যাচ্ছে। এ ছাড়া আমার পদবির সমপদযুক্ত বাসা এই কেন্দ্রে নেই।’
অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ বিউবো প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সম্মানীভিত্তিক দুই শিক্ষকের পারিবারিক বাসা বরাদ্দের আবেদন গ্রহণ করেন ব্যবস্থাপক। পরে বাসা বরাদ্দ কমিটির সভাপতি হিসেবে ব্যবস্থাপক নিজেই তাঁর স্ত্রীর নামে ১ হাজার বর্গফুটের বাসা বরাদ্দ দেন।
ব্যবস্থাপকের বেতনশিট পর্যালোচনা করে দেখা গেছে, তিনি তাঁর বেতনের সঙ্গে বাসাভাড়া বাবদ প্রতি মাসে ২৪ হাজার ৯২০ টাকা উত্তোলন করছেন। এই হিসাবে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সরকারের ২২ লাখ ৬৭ হাজার ৭২০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।
রবিউলের মাধ্যমে তাঁরই অধীন টারবাইন অ্যাটেনডেন্ট রাজিব বিন ইসলামও স্ত্রী শাহীনূর আকতারকে ফেঞ্চুগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে নিয়োগ দেন। তিনিও স্ত্রীর নামে বাসা বরাদ্দ নিয়ে টগর ভবনের চতুর্থ তলার পূর্ব ফ্ল্যাটের সরকারি বাসায় অবস্থান করছেন। রাজিব প্রতি মাসে ১০ হাজার ৪০০ টাকা করে বাসাভাড়া বাবদ উত্তোলন করেই এই ৯১ মাসে প্রায় ৯ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।
একই ভবনের পশ্চিম ফ্ল্যাটে বসবাস করছেন টারবাইন অ্যাটেনডেন্ট ফখরুদ্দিন মৃধা। তিনি বর্তমানে সান্তাহার বিদ্যুৎকেন্দ্রে থাকলেও একই পদ্ধতিতে তিনি স্ত্রীর নামে বাসা বরাদ্দ নিয়েছেন। স্ত্রী তাসলিমা বেগমও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। ফখরুদ্দিন স্ত্রীর নামে বাসাভাড়া নিয়ে ৮ বছরে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।
আরও যত অনিয়ম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. হেদায়েত উল্লাহর নামে বাসা বরাদ্দ না থাকলেও তিনি কুশিয়ারা ভবনে পরিবার নিয়ে অবস্থান করছেন।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তানভীর আহমদ রিফাত সিঙ্গেল বাসা ভাড়া নিয়ে কুশিয়ারা ভবনে পুরো পরিবার নিয়ে বসবাস করছেন।
তদন্ত কমিটি, প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা: বিউবোর সম্পত্তি ও যানবাহন পরিদপ্তরের পরিচালক এইচ এম জিয়াউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’









