Ajker Patrika

সারের ডিলার নিয়োগ: স্বজনপ্রীতি-ঘুষের অভিযোগ

• ৪৮টি ডিলারশিপের জন্য ৮৮৬টি আবেদন জমা।

• অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ডিলার নিয়োগ।

• ঘুষ লেনদেনের অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে।

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ
সারের ডিলার নিয়োগ: স্বজনপ্রীতি-ঘুষের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিয়োগবঞ্চিত কয়েক ব্যক্তির অভিযোগ, ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় ৪৮টি ডিলারশিপের বিপরীতে মোট ৮৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সদর উপজেলায় ১৫টি ডিলারশিপের বিপরীতে ২৬৫টি, শিবগঞ্জে ১৬টির বিপরীতে ৩২২টি, গোমস্তাপুরে ৯টির বিপরীতে ১৫১টি, নাচোলে পাঁচটির বিপরীতে ১০১টি এবং ভোলাহাটে চারটির বিপরীতে ৪৭টি আবেদন জমা হয়। তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ডিলার নিয়োগ স্থগিত রয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিলিম ইউনিয়নে মেসার্স নাসরিনা বেগম নাসরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসরিনা বেগমকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কৃষক দল নেতা তৌসিকুল ইসলাম তৌসির স্ত্রী। গোবরাতলা ইউনিয়নে বিএনপি নেতা তাসেম মেম্বারের স্ত্রীকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামপুর ও সুন্দরপুর ইউনিয়নে নিয়োগ পাওয়া ডিলারদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

শাহজাহানপুর ইউনিয়নে নিয়োগ পাওয়া মেসার্স আজিজ এন্টারপ্রাইজের গুদাম নেই বলে অভিযোগ রয়েছে। চরবাগডাঙ্গা ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। ওই ইউনিয়নের কাউকে না দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেসার্স সিহাব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

রহনপুর পৌরসভায় ডিলার নিয়োগ পেয়েছেন মেসার্স তাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুনিরুজ্জামান। তিনি সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের কর্মী হিসেবে পরিচিত। রাধানগর ইউনিয়নে ডিলার নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মতিউর রহমানের ছেলে মেসার্স সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী আজমুল হক। তাঁর ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা নেই বলে জানান নিয়োগবঞ্চিতরা।

পার্বতীপুর ইউনিয়নে ডিলার নিয়োগ পেয়েছেন মেসার্স রায়েদা ট্রেডার্সের স্বত্বাধিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ভাই মু. আসিফুজ্জামান। একই স্থানে তাঁর আরেক ভাইয়ের আগে থেকেই ডিলারশিপ রয়েছে বলে জানা গেছে। গোমস্তাপুর ইউনিয়নে মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটি চাতালকে (চালকল) গুদাম দেখিয়ে লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বোয়ালিয়া ইউনিয়নে মেসার্স হৃদয় ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মো. হাসুনর রেজা বসতবাড়ি দেখিয়ে লাইসেন্স নিয়েছেন।

গোমস্তাপুরে নিয়োগবঞ্চিত আব্দুল আলিম বলেন, যাঁরা ২০ লাখ টাকা দিতে পেরেছেন—এমন ব্যক্তিরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে যোগ্যদের সুযোগ দেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার করে সার ও বীজ মনিটরিং কমিটির সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তদন্ত করে যেভাবে তালিকা পাঠিয়েছে, জেলা কমিটি সেভাবেই মন্ত্রণালয়ে ক্রমিক অনুসারে তিনজনের তালিকা পাঠিয়েছে। কমিটি যাঁদের যোগ্য মনে করেছে, তাঁরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে আর্থিক কোনো সুবিধা নেওয়া হয়নি।

জেলা প্রশাসক এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘যাঁরা ডিলার নিয়োগ পেয়েছেন, তাঁরা কমিটির তদন্তে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তবে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত