
টাঙ্গাইলের সখীপুরের একটি গ্রামের আনাচে-কানাচে তৈরি হচ্ছে চোলাই মদ। ওই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোচ সম্প্রদায়ের কিছু লোক নিজেদের বসতবাড়িতে এসব মদ তৈরি করেন। শুধু নিজেরা সেবনের কথা বলে তৈরি করলেও গোপনে প্রতি মাসে বিপুল পরিমাণ মদ জেলা-উপজেলার বিভিন্ন প্রান্তের মাদকাসক্তদের কাছে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের এই গ্রামের নাম ধোপারচালা। এখানকার কয়েকজন সচেতন যুবক আজকের পত্রিকাকে নিজ গ্রামের মাদকের ভয়াবহতার এই চিত্র বর্ণনা করেছেন।
এই যুবকেরা জানান, হাতের কাছে মাদক পেয়ে গ্রামের উঠতি বয়সের যুবকেরা প্রতিনিয়ত আসক্ত হয়ে পড়ছে। নীরব যন্ত্রণায় দুর্বিষহ জীবন পার করছে পরিবারগুলো। এ নিয়ে গত এক যুগেরও বেশি সময় ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়ে আসছে গ্রামবাসী। এতে কখনো কখনো অভিযান চালিয়ে মদ ধ্বংস করা হলেও স্থায়ী কোনো প্রতিকার পায়নি গ্রামবাসী।
ধোপারচালা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোচ সম্প্রদায়ের ২০-২৫টি পরিবার চোলাই মদ তৈরি করে আসছে। এসব মদ নিজেরা পান করার পাশাপাশি নিয়মিত বাজারজাত করা হয়। প্রতি রাতে শতাধিক লিটার চোলাই মদ উপজেলার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে। এলাকার কোচ সম্প্রদায়ের কয়েকটি সচ্ছল পরিবার মদ তৈরি ও বিক্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও জানিয়েছে স্থানীয়রা।
গ্রামবাসী অভিযোগ করেন, বিভিন্ন অঞ্চল থেকে মাদকাসক্তরা এসে এলাকায় অপরাধ করে যাচ্ছে। তাদের দ্বারা গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরা যৌন হয়রানি ও উত্ত্যক্তের শিকারও হয়। গত কয়েক বছরে মাদক প্রতিরোধে স্থানীয় মসজিদ ও মন্দির কমিটির সমন্বয়ে সভা-সমাবেশ হয়েছে, কিন্তু এতে লাভ হয়নি। এখনো অবাধে চলছে মদ তৈরি ও বিক্রি।
জোবায়ের শিকদার নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাদকের ছড়াছড়িতে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। গ্রামজুড়ে মদ তৈরির কারখানা থাকায় বিভিন্ন মহলে নিজ এলাকার পরিচয় দিতেও লজ্জা লাগে। কেউ কেউ আমাদেরও মাদকাসক্ত মনে করেন।’
ওই এলাকার বাসিন্দা ও উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুরেশ চন্দ্র কোচ বলেন, ‘কয়েক দিন পরপরই এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চোখে পড়ছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাদক বন্ধ করা সবার জন্যই জরুরি হয়ে পড়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য হুসাইন মাহমুদ এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত কোচ সম্প্রদায়ের লোকজন বংশগতভাবেই মদ তৈরি করে নিজেরা সেবন করেন। কিন্তু কিছু পরিবার ব্যবসায়িক উদ্দেশ্যেও মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘পূজা-পার্বণ, বিয়ের অনুষ্ঠান ও সম্প্রদায়ের কেউ মারা গেলে শ্মশানে যাওয়ার আগে আমাদের মদ্যপানের নিয়ম রয়েছে। কেউ কেউ এই সুযোগে ব্যবসায়িক উদ্দেশ্যে মদ তৈরি ও বিক্রি করেন। প্রশাসনের চাপে এসব এখন প্রায় বন্ধ হয়ে গেছে।’
সখীপুর থানার উপপরিদর্শক মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক মাসে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণ ধ্বংস করেছে। সম্প্রতি অভিযানে কিছুটা স্থবিরতা আসায় মদ তৈরি পুনরায় শুরু হয়ে থাকতে পারে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
৪ মিনিট আগে
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
১০ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে