
অবরোধের মুখে ঢাকার সাভারে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা না করে ফিরে গেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ইটভাটার কয়েক শ শ্রমিক ও মালিকেরা বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং এই বিক্ষোভ করেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যানবাহনের শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটার শ্রমিক ও মালিকেরা বলিয়ারপুরে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’
পুলিশ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সাভারের হেমায়েতপুর ও ভাকুর্তা এলাকার পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় অভিযান চালানোর কথা ছিল। অভিযানের আগাম তথ্য পেয়ে বেলা ১১টার দিকে বিভিন্ন ইটভাটার কয়েক শ শ্রমিক ও মালিকেরা সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিক ও মালিকেরা ইটভাটায় অভিযান বন্ধের পাশাপাশি বন্ধ করে দেওয়া ইটভাটা চালুর দাবি জানান। এ সময় ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বিক্ষোভের মুখে পড়েন।
সূত্র আরও জানায়, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অবরোধের কারণে তিনি অভিযান না করেই ফিরে যান। এর আগে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণে সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার অন্তর্ভুক্ত সাভার মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে।
শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমে বায়ু প্রবাহিত হয়। ফলে এখানকার সৃষ্ট বায়ুদূষণ ঢাকা শহরে প্রবেশ করে। এটি ঢাকা শহরের বায়ুদূষণের তীব্রতা অনেক বাড়িয়ে দেয়। এ কারণে ঢাকার ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। এই পরিপ্রেক্ষিতে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ক্ষমতাবলে গত ১৭ আগস্ট সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, ডিগ্রেডেড এয়ারশেড-ঘোষিত এলাকাটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা ও উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো যাবে না। সেই সঙ্গে বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান করা যাবে না। তথ্য অনুযায়ী সাভারে শতাধিক ইটভাটার মধ্যে মাত্র দুটি ইটভাটায় পরিবেশবান্ধব উপায়ে ইট প্রস্তুত করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করার কারণে নিয়মিত ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার সাভারের হেমায়েতপুর ও ভাকুর্তায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু মহাসড়ক অবরোধের কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ফিরে এসেছি।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৯ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে