
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন ক্যাশিয়ার। এ ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া গতকাল সোমবার বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেছেন।
অভিযুক্ত দীপংকর ঘোষ ছেংগারচর বাজার শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের বলাই ঘোষের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) দীপংকর ঘোষ ব্যাংকে না এলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে ব্যাংকের ব্যবস্থাপক কল করলে তিনি বলেন, ‘বাবা অসুস্থ, আসতে দেরি হবে।’
দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংকে না এলে দীপংকর ঘোষের মোবাইল নম্বরে আবার যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে প্রকৃত অবস্থান জানার জন্য তাঁর স্ত্রী আঁখি সাহার মোবাইল নম্বরে কল দিলে তিনি বলেন, ‘আমার স্বামী দুপুর ১২টার সময় বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন।’
বিকেল হয়ে গেলেও দীপংকর ব্যাংকে উপস্থিত না হওয়ায় ব্যাংকের ভল্ট খোলা সম্ভব হয়নি। পরে তাঁর কার্যকলাপে সন্দেহ মনে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবস্থাপক।
দীপংকর ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ব্যাংকের ভল্টে থাকা নগদ টাকার পরিমাণ যথাযথ আছে কিনা, তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ৩০ আগস্ট মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
১ সেপ্টেম্বর জিডির পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা–পুলিশের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে ভল্ট খোলা হয়। পরে গণনা করে ভল্টে ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা পাওয়া যায়। অথচ ক্যাশে ১ কোটি ২ লাখ ৯৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা ছিল। সে হিসাবে, ক্যাশ পজিশন অনুযায়ী গণনার সময় ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়। দীপংকর বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যাগ নিয়ে আসত এবং সেটি নিয়ে অফিস ত্যাগ করত। ক্যাশিয়ার হওয়ায় তাঁর কাছে ভল্টের চাবি ছিল।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা করেছি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অডিট করে গেছেন এবং থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, ব্যাংকের ক্যাশিয়ার দীপংকর ঘোষ ও অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা হয়েছে। মামলা তদন্তাধীন।
আরও খবর পড়ুন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের...
১ মিনিট আগে
মানিকগঞ্জে এক শিশুর মরদেহ উদ্ধারের পর জড়িতে সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনিতে একজন আহত হন।
৫ মিনিট আগে
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
১২ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
১৯ মিনিট আগে