
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই দিন পর চালক মোহাম্মদ সাজ্জাদের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে, যাত্রী সেজে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রই এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে।
ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য রাঙামাটির সাইফুলের পরিকল্পনায় আগ থেকে রমজান আলী ওরফে আক্কর, মো. হারুন, সুমন ও আশরাফ ওত পেতে ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বটতলী এলাকা থেকে যাত্রী সেজে সাজ্জাদের সিএনজি অটোরিকশাটি ভাড়া করে চক্রের সদস্যরা। রাত পৌনে ৮টার দিকে কানু মাঝির ঘাট বেড়িবাঁধে নুরুল হকের ফিশারি খামারের পাশে সিএনজিটি দাঁড় করানো হয়। এ সময় চক্রের সদস্যরা চালক সাজ্জাদের মুখ চেপে ধরে প্রজেক্টের ভেতরে নিয়ে যায়। পরে গামছা দিয়ে মুখ বেঁধে সাজ্জাদকে গলা কেটে এবং শরীরে আঘাত করে পানিতে ফেলে দেয়।
পরদিন ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানু মাঝির হাট এলাকায় শঙ্খ নদের পাশে একটি পুকুরপাড় থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাজ্জাদ উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।
হত্যাকাণ্ডের পর নিহত সাজ্জাদের বাবা মো. নাছির ড্রাইভার (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এরপর ছায়া তদন্ত শুরু করে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থলের তথ্যের ভিত্তিতে চক্রটির ভয়ংকর সব কাণ্ডের প্রমাণ সংগ্রহ করে।
গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত ৯টায় আনোয়ারা থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন।
সোহানুর রহমান সোহাগ বলেন, এই ঘটনায় জড়িত বরুমচড়ার ৯ নম্বর ওয়ার্ডের রমজান আলী ওরফে আক্কর এবং একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মো. হারুনকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে এই ঘটনার মূল হোতা সাইফুলকে এর আগেই অন্য একটি ঘটনায় চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পুলিশ তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মূল হোতা সাইফুলের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার রমজান ও হারুন তাঁদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত আরও তিনজনের নাম প্রকাশ করেছেন। জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এর আগেও এই চোর চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে যাত্রী সেজে চালকদের আটকে মুখে গামছা বেঁধে মারধর করে সিএনজি ছিনতাই করত। এই চক্রের শিকারের কিছু ভিডিও পুলিশের হাতে এসেছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৩১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
৩২ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
৩৪ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
৩৮ মিনিট আগে