কোটা আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার দুপুরে তিনি শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ফেসবুকে পোস্ট করেন।
ফারুকী ফেসবুকে লেখেন, ‘আপনারা যাঁরা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরীর জন্য, তাঁরা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলা স্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যাঁরা আছেন তাঁদের মনে করিয়ে দেয়ার জন্য যে, দেশের মালিক তাঁরা না। আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা।’
ফারুকী আরও লেখেন, ‘রাষ্ট্র জনগণকে কেনো পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে। যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এইভাবেই পাঠ করছি। পাবলিক সারভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত প্রতিনিধি বা যেকোনো সরকারী বেতনভুক্ত ব্যক্তিকে এই শব্দেই ডাকা উচিত সব সময়। এই আন্দোলন সেই পাবলিক সারভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। অল পাওয়ার টু দ্য পিপল। অল পাওয়ার টু দ্য ইয়ুথ। প্রেয়ারস ফর মাই ফেলো সিটিজেনস। শহীদের রক্ত কখনো বিফলে যায় না।’
এর আগে গত ৭ জুলাই কোটা আন্দোলনে সংহতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে কিছুক্ষণ পর তা ডিলিট করেন ফারুকী। আজকের পোস্টে সেটার কারণ ব্যাখ্যা করে এই নির্মাতা লেখেন, ‘যাঁরা আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন, তাঁরা জানেন যে; আমি শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ না! ফলে আমার সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত। কোটা আন্দোলন নিয়ে আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলেছি। কারণ একটা স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়! পরবর্তীতে আরেকটা কথা লিখতে ইচ্ছা হয়। এবং লিখতে থাকলে যত বেশি এনগেজড হই সেটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো না।’
অন্যদিকে কোটা আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুকে আজ তিনি লেখেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকায় থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিনের নিউজগুলো দেখে হতবাক হয়েছি, হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতাবহির্ভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।’
আরও খবর পড়ুন:

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১৩ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১৩ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১৩ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১৩ ঘণ্টা আগে