Ajker Patrika

সিল

সম্পাদকীয়
সিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা এবার প্রথমবারের মতো ভোট দেবেন, তাঁদের কাছে ব্যাপারটা নিশ্চয়ই অন্য রকম উচ্ছ্বাসের। ব্যালট পেপার দেখতে কেমন; এই কাগজে যে ছাপ্পর দিতে হয়, সেই সিলটা কেমন কিংবা ভোটদান শেষে আঙুলে কালির দাগ দিয়ে দিলে কেমন হবে প্রথম ভোট দেওয়ার অনুভূতি—সবকিছুই একজন নব্য ভোটারের জন্য অজানা। এ কথা অপ্রমাণিত নয় যে বিগত কয়েকবার ভোট দিতে পারেননি দেশের অনেক ভোটার। অনেকেই ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন তাঁদের নামে ভোট দেওয়া হয়ে গেছে। তবে নতুন বা পুরোনো হোক, সব ভোটারের প্রত্যাশা—এবার অন্তত নিজের ভোট নিজে দেওয়া যাবে। কিন্তু লক্ষ্মীপুরে সম্প্রতি যা হলো, তা বিবেচনা করলে মনে প্রশ্ন উঁকি দেয়—আবারও ভোটারদের হতাশ হতে হবে কি?

কী হলো সেখানে? ৫ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত এক খবর থেকে জানা যায়, লক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো হয়েছে ভোটের ছয়টি সিল। হ্যাঁ, যে সিল দিয়ে ভোটাররা ১২ ফেব্রুয়ারি তাঁদের পছন্দের প্রতীকে ছাপ দেবেন। কিন্তু অবৈধভাবে যে সিলগুলো বানানো হলো, সেগুলো দিয়ে নিশ্চয়ই সাধারণ কোনো ভোটার ভোট দিতে পারবেন না। এটা পরিষ্কার যে ‘অসাধারণ’ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কর্মী নিজেদের মসনদে দেখতে অবৈধভাবে ব্যালটে সিল মারবেন!

যিনি সিল ছয়টি প্রস্তুত করেছেন, তিনি ধরা পড়েছেন পুলিশের হাতে। ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক তিনি, নাম সোহেল রানা। লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ তাঁকে সিল গড়িয়ে দেওয়ার ফরমাশ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। গোপন খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ সিলসহ সোহেলকে আটক করে। কিন্তু সিলের ফরমাশকারী নিজেই লাপাত্তা!

লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগের তির সরাসরি জামায়াতের বিরুদ্ধে ছুড়ে দিয়েছেন। তাঁর মতে, জাল ভোটসহ জালিয়াতি ও ষড়যন্ত্র করার লক্ষ্যে জামায়াত পরিকল্পিতভাবে সিল তৈরি করিয়েছে। এদিকে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম দাবি করেন, সোহেল জামায়াতের কেউ নন! আবার লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, তাঁরা সিলগুলো জব্দের পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করেছেন।

ভোটের ময়দানে এমন কাদা ছোড়াছুড়ি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অবৈধভাবে সিল প্রস্তুত করার ঘটনা মোটেও স্বাভাবিক নয়। যদি সত্যিই জামায়াত পরিকল্পিতভাবে সিল তৈরির এই ফরমাশ দিয়ে থাকে এবং ধরা পড়ার পর দায় এড়াতে শুধু তাদের কর্মীকে দলচ্যুত করে, তাহলে ব্যাপারটা হবে—রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত! অর্থাৎ, দলের জন্য বলি হতে হবে শরীফ ও সোহেলকে।

তবে এ কথা মিথ্যে নয় যে অবৈধভাবে সিল তৈরি হয়েছে। দলের পরিকল্পনা হোক বা না হোক, অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে তাঁদের এমন শাস্তি দিতে হবে যেন ভোটারদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার সাহস আর কখনো কারও না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত