
বর্ষার খাওয়া-দাওয়াটা একটু অন্য রকম। আকাশে মেঘ করেছে দেখলেই খিচুড়ি রান্নার জোগাড়যন্ত্র শুরু হয়ে যায়। তা ছাড়া এই ঋতুতে অনেকের হেঁশেল থেকে ভেসে আসে নানান মুখরোচক খাবারের সুগন্ধ। নানান স্বাদের খিচুড়ি তো বটেই; চপ, কাটলেট, জিবে জল আনা সাইড ডিশ—সবটাই রান্না হয় বড় আদরে। আপনাদের জন্য বর্ষায় উপভোগের মতো তিনটি সুস্বাদু খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
উপকরণ
ইলিশ ৬ পিস, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মসুর ডাল ১ কাপ, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, ভাজা রসুন কোয়া ৪ থেকে ৫টি, শুকনা মরিচ ৫ থেকে ৬টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঠবাদামবাটা ২ চা-চামচ, কিশমিশবাটা ২ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ২ চা-চামচ, কাঁচা মরিচ ১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, তেজপাতা ২টি, তেল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, পানি ১লিটার।

প্রণালি
প্রথমে চাল ও ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পানি ঝরিয়ে নিন। ইলিশের সঙ্গে হলুদ এবং কিছুটা লবণ মেখে তেল গরম করে হালকা ভেজে নিন। তারপরে ওই তেলের মধ্যে আস্ত শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, হলুদ ও মরিচগুঁড়া এবং একটু পানি দিয়ে কষিয়ে নিন। ডালগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপর চাল দিয়ে সঙ্গে বাদাম ও কিশমিশবাটা দিয়ে হালকা নেড়েচেড়ে গরম পানি ও লবণ দিয়ে ঢেকে রান্না করুন ৫ মিনিট। চুলার আঁচ কমিয়ে দিন। পানি কমে এলে মাছের পিস ও ঘি দিয়ে দিন। কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা ও ভাঁজা রসুন দিয়ে ঢেকে দমে রাখুন ১০ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করুন।
উপকরণ
রুই মাছ চার টুকরা, বরবটি, গাজর, ১ কাপ মিহি কুচি করে নেওয়া ক্যাপসিকাম, পাউরুটি ১ পিস, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, চাট মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, টেলে নেওয়া জিরাগুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ১ চা-চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, চিনি সামান্য, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, তেল ভাজার জন্য, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো।

প্রণালি
লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলো সেদ্ধ করে নিয়ে কাঁটা বেছে পরিষ্কার করে নিন। এবার কাঁটা ছাড়ানো মাছের সঙ্গে সব মসলা একত্রে মাখিয়ে নিন। তারপর রুটি একটু পানিতে ভিজিয়ে চিপে নিয়ে সেটাকেও মাছের সঙ্গে দিয়ে সবজিগুলো মিশিয়ে নিন। এরপর অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে মাছের মিশ্রণটি হাতে চেপে কাটলেটের আকার দিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। তারপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিয়ে গরম তেলে কম আঁচে ভেজে নিন। কাটলেট বাদামি রং ধারণ করলে মানিয়ে পরিবেশন করুন।
উপকরণ
চিংড়ি ৫০০ গ্রাম, নারকেলবাটা এক কাপ, কাঁচা মরিচ ফালি ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পানি পরিমাণমতো।

প্রণালি
প্রথমে চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর সেগুলো হালকা করে হলুদ ও লবণ দিয়ে ভেজে নিন। মাছগুলো ভাজা হলে ওই তেলের মধ্যে পেঁয়াজকুচি, আদা ও রসুনবাটা এবং সব মসলা একে একে দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ফালি করে রাখা কাঁচা মরিচ ও নারকেলবাটা দিয়ে আবারও কষিয়ে নিন। এবার চিংড়ি দিয়ে প্রয়োজনমতো পানি দিয়ে রান্না করুন ৫ মিনিট। সবশেষে নেড়েচেড়ে ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।

শরতের সকালে গোসল করে বাইরে বের হওয়ার পরও অফিসে পৌঁছতে পৌঁছতে ঘেমে একাকার অবস্থা হচ্ছে। অনেকে বৃষ্টির দিনের মতো এই মৌসুমেও অফিসে এক সেট বাড়তি কাপড় রাখছেন। তবে যাঁরা অতিরিক্ত ঘামেন এবং মাথার ত্বক থেকে পায়ের তালু অব্দি দীর্ঘ সময় ঘেমে থাকে, তাঁরা ডাক্তারি পরীক্ষা তো করাবেনই, পাশাপাশি...
২ ঘণ্টা আগে
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
৪ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
৬ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৭ ঘণ্টা আগে