Ajker Patrika

সেরা বিলাসবহুল হোটেলের তালিকা: শীর্ষ পাঁচে এশিয়ার তিন

ফিচার ডেস্ক
সেরা বিলাসবহুল হোটেলের তালিকা: শীর্ষ পাঁচে এশিয়ার তিন

ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস ইন দ্য ওয়ার্ল্ড’-এর তালিকা। এতে উঠে এসেছে বিশ্বসেরা সব বিলাসবহুল হোটেলের নাম। চমকপ্রদ তথ্য হলো, এই বিশ্বসেরা তালিকার প্রথম পাঁচের মধ্যে শীর্ষ স্থান দখল করে নিয়েছে এশিয়ার তিনটি দেশের তিনটি হোটেল। এশিয়ার ঐতিহ্য, নজরকাড়া আধুনিক আর্কিটেকচার এবং আতিথেয়তার মিশ্রণে তৈরি এই হোটেলগুলো নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই অনন্য।

প্রাণ লজ, ভারত

তালিকায় পঞ্চম স্থানে ভারতের শক্তি হিমালয়ের প্রাণ লজ। হিমালয়ের কোলে নিরিবিলি ও অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্য ভারতের উত্তরাখন্ডের কুমাওঁ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৪০০ ফুট উঁচুতে তৈরি হয়েছে প্রাণ লজ। নেপাল ও তিব্বত সীমান্তের কাছে অবস্থিত সৌরবিদ্যুৎ-চালিত এই ট্রেইল-রিট্রিটটিতে রয়েছে মাত্র সাতটি বিলাসবহুল বাংলো। এটির আধুনিক সজ্জায় ব্যবহার করা হয়েছে স্থানীয় পাথর ও কাঠ। এটিতে আছে ফায়ারপিট এবং কাচের তৈরি জানালা দিয়ে হিমালয়ের বরফাবৃত নন্দা দেবী চূড়ার দৃশ্য দেখার সুবিধা। সাবেক তিব্বতি ভিক্ষু এবং শেফ ইয়েশি লামার রান্না করা বিশেষ খাবার, দেবদারু কাঠের সাওনা ও হিমালয়ের পাহাড়ি পথে ট্রেকিংয়ের সুবিধা এই লজের প্রধান আকর্ষণ।

Shinta-Mani-Mustang,-Kali-Gandaki-River-Valley,-Nepal

শিন্তা মানি মুস্তাং, নেপাল

নেপালের জোমসমের কাছে কালি গণ্ডকী নদীর উপত্যকায় ২ হাজার ৮০০ মিটার উঁচুতে অবস্থিত শিন্তা মানি মুস্তাং হোটেল। এটি বিলাসবহুল অল-ইনক্লুসিভ রিসোর্ট। অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালা ঘেরা এই রিসোর্টে স্থপতি বিল বেনস্লের নকশায় তৈরি ২৯টি স্যুট রয়েছে। এখানে থাকা-খাওয়া থেকে শুরু করে গাইডেড ট্রেকিং, ঘোড়ায় চড়া, প্রাচীন বৌদ্ধ মঠ দর্শন এবং ওয়েলনেস স্পা—সবই ভাড়ার অন্তর্ভুক্ত। মার্চ মাস থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এখানে ভ্রমণ করার সেরা সময়। তবে বিলাসবহুল সেবার পাশাপাশি এই রিসোর্ট শিন্তা মানি ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা এবং মুস্তাংয়ের প্রাচীন সংস্কৃতি সংরক্ষণে কাজ করে।

TYOPH-P0651-Park-Deluxe-Suite-Commons

পার্ক হায়াত টোকিও, জাপান

জাপানের রাজধানী টোকিওর ব্যস্ততম এলাকা শিনজুকুর পার্ক টাওয়ারের ৩৯ থেকে ৫২ তলায় অবস্থিত এই হোটেল আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। তালিকায় এর স্থান চতুর্থ। প্রিৎজকার পুরস্কারজয়ী স্থপতি কেনজো ত্যাঙ্গের নকশায় তৈরি এই হোটেলে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সম্প্রতি বড় ধরনের সংস্কার আনা হয়েছে। ১৭১টি রুম ও স্যুটসমৃদ্ধ হোটেলটিতে রয়েছে বিলাসবহুল স্পা, গ্লাস-রুফ সুইমিংপুল এবং বিশ্বখ্যাত শেফ অ্যালেন ডুকাসের জুটিতে তৈরি নতুন ব্রাসারি রেস্তোরাঁ জিরান্দোল। কোলাহলমুক্ত শান্ত পরিবেশ এবং শহরের প্যানোরামিক ভিউ পার্ক হায়াত হোটেলকে করে তুলেছে অনন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত