আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম। যাঁরা বর্ষায় নৌকাভ্রমণ করতে ভয় পান, তাঁদের জন্য শরৎকাল সেই সুযোগ অবারিত। এই ঋতুতে বাংলাদেশের নদীগুলোকে কেন্দ্র করে সাজিয়ে নেওয়া যায় ভ্রমণের দারুণ ছক।
মুক্ত নদীর বুকে নৌকা, দুই পাশে সবুজ তীর আর মাথার ওপর ভেসে চলা মেঘ—এমন দৃশ্য নিমেষে সবকিছু ভুলিয়ে দেয়।
শরৎকালে পদ্মার চর ও নদীতীরের সৌন্দর্য উপভোগ করা যায় নৌকায় চড়ে। বর্ষার পানি কমে এ সময় নদীর বিস্তৃতি ও চরগুলোর পরিবর্তিত রূপ স্পষ্ট হয়ে ওঠে। নদীর স্বচ্ছ পানিতে আকাশের মেঘের প্রতিবিম্ব, দূরে বালুচর আর মাঝনদীতে নৌকা—সব মিলিয়ে পদ্মা হয়ে উঠতে পারে শরতের চমৎকার গন্তব্য। রাজশাহী, গোয়ালন্দ কিংবা মাওয়ার মতো পদ্মাতীরবর্তী এলাকায় স্থানীয় নৌযাত্রার অভিজ্ঞতা হতে পারে দারুণ।
যমুনার সৌন্দর্য তার বিশালতায়। শরৎকালে পানি কমে এলে নদীর চরগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। কোথাও বালুচর, কোথাও সবুজ ঘাস আবার কোথাও কাশফুলের সাদা ঢেউ। নৌকায় বসে বিশাল নদীর বুক পেরোনোর সময় মনে হতে পারে চারপাশে শুধু পানি, আকাশ আর মেঘ। সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ নদীতীরবর্তী অঞ্চল থেকে শরতের এই রূপ যমুনায় উপভোগ করা যায়।
মেঘনা নদীর বিশাল পানিরাশি শরৎকালে অন্য রকম সৌন্দর্য ধারণ করে। নদীর পানি কিছুটা কমে এলে নৌভ্রমণে পাওয়া যায় তুলনামূলক শান্ত পরিবেশ। ভোলা, চাঁদপুর কিংবা মেঘনাতীরবর্তী বিভিন্ন এলাকা থেকে নৌকায় নদীর বিস্তৃতি দেখার সুযোগ রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে আকাশে মেঘ জমলে নদীর পানি আর আকাশের রং মিলে তৈরি করে অসাধারণ দৃশ্য।
চাঁদপুরের বড় স্টেশন এলাকার কাছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল শরৎকালের নদীভ্রমণের জন্য আকর্ষণীয় একটি জায়গা। নদীর বুকে নৌকায় ভেসে তিন নদীর মিলন দেখতে দেখতে উপভোগ করা যায় শরতের আকাশ। এখানে নদীর বিশালতা যেমন চোখে পড়ে, তেমনি স্থানীয় নদীজীবনও কাছ থেকে দেখার সুযোগ মেলে।
শরতের ভ্রমণে কাশফুলের জন্য আলাদা করে সময় রাখতেই পারেন। নদীর চর, বাঁধের ধারে কিংবা বিস্তীর্ণ খোলা জমিতে অনেক জায়গায় দেখা মেলে কাশফুলের। বাতাসে দুলতে থাকা সাদা কাশ আর তার পেছনে নীল আকাশ কিংবা মেঘের ভেলা—শরতের পরিচিত দৃশ্যগুলোর একটি। নদীপথে ভ্রমণের সময় হঠাৎ কোনো চরের ধারে কাশবনের দেখা পাওয়া তাই ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে পারে।
শরতের নদীভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ কোনো নির্দিষ্ট দর্শনীয় স্থান নয়; বরং পথচলা। নৌকার গলুইয়ে বসে টলটলে পানির দিকে তাকিয়ে থাকা, মাঝির বইঠার শব্দ শোনা, দূরের চর দেখতে দেখতে এগিয়ে চলা, হঠাৎ কাশফুলের ঝোপ চোখে পড়া কিংবা মাথার ওপর মেঘের ভেলা ভেসে যাওয়া—এ ধরনের ছোট ছোট মুহূর্তই ভ্রমণের অন্য রকম স্মৃতি হয়ে থাকে।
তাই শরৎকালে কোথায় ভ্রমণে যাবেন, তার উত্তর খুঁজতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের নদীগুলোর কাছেই অপেক্ষা করছে এক অপূর্ব ঋতুরূপ। একটি নৌকা ভাড়া করুন, আর সঙ্গে রাখুন প্রিয় মানুষদের। শরৎ অনুভব করতে এর চেয়ে সুন্দর উপায় আর কী হতে পারে!

ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১৪ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
১৭ ঘণ্টা আগে