
নাটোরের বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিনের (২৮) বিরুদ্ধে মারধর করে ১ লাখ ১৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার গোয়ালফা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৩৬) বাদী হয়ে শিহাব উদ্দিন, রসুল ইসলাম (৪৫) এবং আরও সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিহাব উদ্দিন তিরাইল গ্রামের আজাদ আলীর ছেলে।
ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা গোয়ালফা গ্রামের বাসিন্দা এবং তিনি মৌখাড়া হাটের ইজারাদার ও পুরোনো মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন।
খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল বিক্রি করে তিনি আরেকটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। গোয়ালফা গ্রামের আজিজুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর শিহাব উদ্দিনসহ ১০-১২ জন লোক তাঁর পথরোধ করে।
খাইরুল বলেন, ‘তারা আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ সময় আমার কাছে থাকা ১ লাখ ১৮ হাজার টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।’
খাইরুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি জানান, মারধরের কারণে তাঁর মাথায় সেলাই লেগেছে, ডান হাত ভেঙে গেছে এবং বাঁ হাতেও আঘাত লেগেছে। ভুক্তভোগী নিজেকে বিএনপির একজন কর্মী বলে দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডলি রানী বলেন, খাইরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত শিহাব উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বিষয়টি জানা নাই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে