
১৯ দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর তিস্তা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রোববার সকালে কারখানাটির প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁরা ১৯ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানার সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে আছে, সাধারণ কর্মঘণ্টা আট ঘণ্টা নিশ্চিত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন, অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ, স্থায়ী শ্রমিকদের বেতন ২০ হাজার ৫০০ টাকা ও অস্থায়ী শ্রমিকদের হাজিরা বোনাস ও ঈদ বোনাস ৫ হাজার টাকা করা, নৈশকালীন কাজের মজুরি ৫০০ টাকা, প্রতি বছর শেষে উৎপাদন বোনাস প্রদান, পরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ প্রভৃতি।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত আজকের পত্রিকা’কে বলেন, ‘শ্রমিকদের সব দাবি যৌক্তিক নয়। আমরা তাঁদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি কয়েকবার।’
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা কারখানায় এসেছি। মালিকের সঙ্গে আলোচনা চলছে।’
আরও খবর পড়ুন:

ঝিনাইদহে মেসে খাবার খাওয়া নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরেক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম ইদ্রিস আলী (৫০)। ঘটনার ছয় দিন পর গতকাল বুধবার রাতে নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
৪ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগমকে হত্যা করে লাশে আগুন দেওয়ার ঘটনায় সাবেক মেম্বার বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ আগস্ট নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৮ আগস্ট আমবাগান থেকে পোড়া লাশ উদ্ধারের পর তদন্তে এ তথ্য উঠে আসে।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, মোড়কে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে