Ajker Patrika

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, জামিনে মুক্তি পেলেন সেই সিফাত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২: ০৩
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, জামিনে মুক্তি পেলেন সেই সিফাত
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন সিফাত (মাঝে)। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, রাত ৮টায় সিফাত আবদুল্লাহকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গাজীপুরের নিম্ন আদালতে দুই দফা জামিনের আবেদন করেও তিনি সাড়া পাননি।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ তাঁর জামিনের আবেদন করা হলে তা নাকচ হয়। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় জামিন পাননি তিনি। দুই দফা নিম্ন আদালতে জামিনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর তাঁর আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন।

সিফাত আবদুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে তাঁর মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই তাঁকে আটক করে পুলিশ।

তবে সিফাতের আইনজীবীদের দাবি, বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য আলোচনায় এলেও যে পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার এজাহারে তাঁর ওই বক্তব্যের কোনো উল্লেখ নেই। তাঁদের অভিযোগ, পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিফাতকে হয়রানি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত