বিয়ে নিয়ে কোরআনের যেসব আয়াতে উৎসাহ দেওয়া হয়েছে

মানবজীবনের সবচেয়ে পবিত্র, সুন্দর ও গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ। বিবাহ মানবজাতির ধারাবাহিকতা রক্ষার অন্যতম প্রধান ইবাদত। একা জীবন যাপন করা মানুষের স্বভাববিরুদ্ধ, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবার ও সমাজ গঠনে উৎসাহিত করেছেন।
পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বিয়ের গুরুত্ব, এর অন্তর্নিহিত দর্শন, আর্থিক সংকটের সমাধান, নিষিদ্ধ নারীগণের তালিকা এবং দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।
পারস্পরিক শান্তি ও ভালোবাসার বন্ধন
বিয়ে মানুষের জীবনে পরম প্রশান্তি এনে দেয়। স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক—একজন ছাড়া অন্যজনের জীবন অসম্পূর্ণ ও চলা কষ্টকর। এই গভীর ভাবার্থ বোঝাতে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
অর্থ: আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। (সুরা রুম: ২১)
অন্যত্র স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও গোপনীয়তা বোঝাতে চমৎকার এক রূপক ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন—
هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ
অর্থ: ‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ।’ (সুরা বাকারা: ১৮৭)
বিয়ে মানুষকে স্বাবলম্বী ও সচ্ছল করে তোলে
আমাদের সমাজে অনেকেই বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতা বা খরচের ভয়ে বিয়ে করতে দ্বিধাবোধ করেন। অথচ ইসলাম এই ধারণাকে ভুল প্রমাণ করে। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে যে, যারা সৎপথে থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল ও অভাবমুক্ত করে দেবেন। ইরশাদ হয়েছে—
وَأَنْكِحُوا الْأَيَامَىٰ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
অর্থ: তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা নুর: ৩২)
কাকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ
ইসলামে যত্রতত্র বিয়ের সুযোগ নেই, বরং পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন কোন আত্মীয় বা নারীর সঙ্গে বিবাহবন্ধন স্থাপন চিরতরে নিষিদ্ধ। সুরা নিসার ২৩ নম্বর আয়াতে এই সীমারেখা টেনে দেওয়া হয়েছে—
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
অর্থ: তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, তোমাদের সেই মাতা—যারা তোমাদের দুধ পান করিয়েছে, তোমাদের দুধবোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ—সেই স্ত্রীদের কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। তবে যদি তাদের সঙ্গে সহবাস না করে থাক, তাহলে তোমাদের কোনো অপরাধ নেই। আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করাও তোমাদের জন্য হারাম। তবে অতীতে যা হয়ে গেছে, তা স্বতন্ত্র। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
হাসিমুখে মোহরানা প্রদান করা
বিয়েতে নারীর আর্থিক অধিকার ও মর্যাদার অন্যতম প্রতীক হলো মোহর। ইসলামে এটি স্বামীর ওপর ফরজ বা অবশ্য পালনীয় একটি দায়িত্ব। অথচ অনেক সমাজে মোহরানা পরিশোধে নানা টালবাহানা বা অবহেলা দেখা যায়। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ হলো—
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا
অর্থ: আর তোমরা স্ত্রীদের তাদের মোহর খুশিমনে প্রদান করো। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে তা থেকে তোমাদের কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ও তৃপ্তির সঙ্গে ভোগ করো। (সুরা নিসা: ৪)
বিবাহ হলো এমন এক পবিত্র চুক্তি, যা মানবজীবনের পবিত্রতা রক্ষা করে এবং সমাজকে পঙ্কিলতা থেকে মুক্ত রাখে। বিয়ের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো মেনে চললে বৈবাহিক জীবন যেমন সুখের হয়, তেমনি পরকালের সফলতা হাসিল করাও সহজ হয়।










