
চট্টগ্রাম নগরের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় (১৬) হত্যাকাণ্ডে সেভেন স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ছোট ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত হৃদয় বাবার সঙ্গে ওয়্যারলেস কলোনি এলাকায় সড়কের পাশে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছয় কিশোরসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সেভেন স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ফাইভ স্টার ও সেভেন স্টার নামে দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।
নিহত হৃদয় ফাইভ স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। আর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা সেভেন স্টার গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন বগা ও রকিবুল ইসলাম পিচ্চি সেভেন স্টার গ্যাং পরিচালনা করেন। আর স্থানীয় বিজয়, কামরান ও শান্তর নেতৃত্বে ফাইভ স্টার গ্যাং পরিচালিত হয়। দুই গ্যাংয়ের মধ্যে সম্প্রতি সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার রাতে অটোরিকশায় করে বাসায় যাওয়ার সময় তালতলা এলাকায় সেভেন স্টার গ্যাংয়ের সদস্যরা হৃদয়কে বহনকারী অটোরিকশাটি থামায়। টিপছুরি, চাকু ও কিরিচ দিয়ে হৃদয়কে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর হৃদয়কে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে বর্তমানে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাং রাজনৈতিক বড় ভাইয়েরা পরিচালনা করেন বলে দাবি পুলিশের।
নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। চলতি বছরের জুনে একটি সরকারি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ ওঠে বগার বিরুদ্ধে। ওই ঘটনায় গত ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বগা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
১ মিনিট আগে
সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
১২ মিনিট আগে
অনলাইনভিত্তিক গণমাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি...
১৮ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে, এটি শুধু গোলামির চুক্তি নয়। এই গোলামির চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যাদের বন্ধু হয়, তাদের কোনো শত্রুর দরকার হয় না। বাংলাদেশে শিল্প কারখানায় নৈরাজ্যকর অবস্থা চলছে।
২২ মিনিট আগে