
বরগুনার তালতলীর ফাতরার বনের নিশানবাড়িয়ায় বনদস্যুরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগের অসাধু কর্মকর্তারাই দস্যুদের কাছে গাছ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে বন বিভাগ এই অভিযোগ অস্বীকার করছে।
স্থানীয়দের ভাষ্য, বন বিভাগের নিশানবাড়িয়া বিট কর্মকর্তা হায়দার আলীর কার্যালয়ের আধা কিলোমিটার দূরে বনের গাছ কেটে নিয়েছে দস্যুরা। অথচ ওই কর্মকর্তা দস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
বন বিভাগ সূত্রে জানা যায়, শত বছর আগে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে ম্যানগ্রোভ ফাতরার বন। ৪ হাজার ৪৮ দশমিক ৫৮ হেক্টর জমিতে গড়ে ওঠা এই বনে রয়েছে কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া, রেইনট্রি, করমচা, বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ। ফাতরার বনকে নিশানবাড়িয়া ও সকিনা নামের দুটি বিটে বিভক্ত করেছে বন বিভাগ। ওই বনের নিশানবাড়িয়া বিটে অন্তত ২ হাজার একর বিস্তৃত জমি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গহিন বনে স্থানীয়দের যোগাযোগ কম থাকায় দস্যুরা অবাধে গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিট কর্মকর্তা হায়দার আলীর যোগসাজশে দস্যু দেলোয়ার হোসেন, রাসেল, বেল্লাল, মিলন, সোহাগসহ একটি বাহিনী ওই বনের গাছ কেটে নিচ্ছে।
গত বৃহস্পতিবার নিশানবাড়িয়া বিট কর্মকর্তার কার্যালয়ের আধা কিলোমিটার দূরে দক্ষিণ সওদাগরপাড়া আবাসনের পশ্চিম পাশে সরেজমিনে দেখা যায়, নিশানবাড়িয়া খালপাড়ের একটু ভেতরে কেওড়া ও সুন্দরীগাছ কেটে নিয়েছে বনদস্যুরা। ওই গাছের ডালপালা আবাসনের একটি ঘরে লুকিয়ে রাখা হয়েছে। খালপাড়ে দুটি বড় কেওড়াগাছ কেটে রাখা হয়েছে। আরেকটি কেওড়াগাছ কেটে নিয়ে গেছে। গাছের গোড়া (মূল) পড়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিশানবাড়িয়া এলাকায় বসবাসরত কয়েকজন বলেন, বনদস্যুরা বিভিন্নভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু বন বিভাগের লোকজন দেখেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। দ্রত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
স্থানীয় সাখাওয়াত বলেন, ‘রক্ষক যদি ভক্ষক হয়, তবে রক্ষা করবে কে? বন বিভাগের লোকজনই তো বনদস্যু লালনপালন করেন। বেশ কয়েক দিন ধরে দস্যুরা বনের গাছ কাটছে; কিন্তু বন বিভাগের লোকজন এসে দেখে যায়; ব্যবস্থা নেয় না।’
বনদস্যু দেলোয়ার হোসেন কেওড়াগাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘বন কর্মকর্তার অনুমতি ছাড়া কেউ কি বনের গাছ কাটতে পারে?’ তিনি (বন কর্মকর্তা) অনুমতি দিয়েছেন; তাই দুটি গাছ কেটেছি।’
ওই গাছেরই ডালপালা ঘরে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন দেলোয়ার।
ফাতরার বনের নিশানবাড়িয়া বিট কর্মকর্তা হায়দার আলী বনের গাছ বিক্রির কথা অস্বীকার করে বলেন, ‘কয়েকটি গাছ বনদস্যুরা কেটেছে। ওই গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বনদস্যুদের বিরুদ্ধে মামলা হয়েছে।’
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘বনের গাছ কেটে নেওয়ার খবর জেনেছি। যারা গাছ কেটেছে, তাদের বিরুদ্ধে বিট কর্মকর্তাকে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেবক মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করে চট্টগ্রামে প্রশিক্ষণে আছি। বিষয়টি ডিএফওকে অবহিত করা হবে।’
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৩ ঘণ্টা আগে