
ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে দলিলসহ জমি-ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি অনলাইন কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী এক বৃদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করেন। কিছু সময় পর ওই বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই মাইক কেড়ে নেন স্থানীয় কালীগঞ্জ থানার ইউএনও জহির ইমাম।
এ সময় গণভবন থেকে সরাসরি যুক্ত থাকা প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। একই সঙ্গে বৃদ্ধার হাতে মাইক্রোফোন দেওয়ার নির্দেশও দেন।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সারা দেশের ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে তিনি গৃহহীন মানুষদের অনুভূতি জানতে চান। তখন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে বিধবা বৃদ্ধা নারী শাহেরুন মাইক্রোফোন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে এলাকায় আসার দাওয়াত দেন। পরে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে ভাতার টাকার পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ করেন। পরে প্রধানমন্ত্রী স্থানীয় ইউএনওকে ওই বৃদ্ধার ওষুধের ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর ওই বৃদ্ধা প্রধানমন্ত্রীর জন্য মোনাজাত শুরু করেন। এ সময় মাইক্রোফোনটি কেড়ে নেন কালীগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
এ ঘটনায় প্রধানমন্ত্রী বলে ওঠেন, ‘এটা কী? একজন মানুষ মোনাজাত করছেন, আর হাত থেকে সেটা কেড়ে নেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস।’
প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘এটা কী করো, এটা কেমন কথা হলো। মোনাজাত করছে আর তাঁর হাতে থেকে মাইক্রোফোনটি কেড়ে নিল। হোয়াট ইজ দিস?’
এরপর ওই বৃদ্ধার কাছে মাইক্রোফোনটি আবার ফিরিয়ে দেওয়া হয়। তখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজে প্রধানমন্ত্রীকে আবারও এই এলাকা ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে কথা শেষ করেন।
এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে ১৮ হাজার ২৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করছি। যাঁরা ঘর পাচ্ছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমি আরেকটি কথা বলব, সেটা হচ্ছে যে ঘরগুলো আমরা করে দিচ্ছি—সেগুলো এখন আপনার সম্পত্তি। যে নিচ্ছেন বা পাচ্ছেন, সেটি আপনার নিজের সম্পত্তি। কাজেই এই ঘরগুলোর রক্ষণাবেক্ষণ এবং যত্ন করার দায়িত্ব আপনার। এখানে বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, যে জিনিস আপনি পাচ্ছেন এর জন্য কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। কিন্তু নিজের সম্পদ হিসেবে আপনাকেই যত্ন নিতে হবে। পরে প্রধানমন্ত্রী ৭০টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন।
আরও খবর পড়ুন:

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৬ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১০ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
১১ ঘণ্টা আগে