Ajker Patrika

বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ

• ২২ কিলোমিটার সড়ক সংস্কারকাজের শুরুতেই অনিয়ম

• সড়কে পাশ সংরক্ষণের কাজে মাটির পরিবর্তে বালুর ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ
ভবনের পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার। বরিশালের হিজলা উপজেলার গার্লস স্কুল ও কলেজ এলাকায়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর থেকে মীরগঞ্জ হয়ে মুলাদী পেরিয়ে হিজলা উপজেলা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দে সড়কটি পিচঢালাই ছাড়াও পাশের অংশ (শোল্ডার) সংরক্ষণ, পাইলিং, মাটি ভরাটসহ নানা কাজ রয়েছে।

হিজলা থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজের শুরুতেই সড়কের দুই পাশের অংশ সংরক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুযায়ী দূর থেকে মাটি এনে ভরাটের কথা থাকলেও বালু ব্যবহার করা হচ্ছে। তাও আবার আশপাশের বাসিন্দাদের ভবন, দেয়ালের পাশের বালু কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে শুরুতেই দুই পাশের বালু দিয়ে ভরাট করলে সড়কটি টেকসই হবে না। অভিযোগ পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে দুই পাশের দুর্বল নির্মাণকাজ দেখে সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কাছে অসন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হিজলা-মুলাদী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি স্থানে সড়কের নিচ দিয়ে নালা থাকায় সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়। সম্প্রতি শুরু হওয়া হিজলার অংশে সড়কের রক্ষণাবেক্ষণের কাজে বসতবাড়ি ও ফসলি জমির পাশ থেকে বালু কেটে শোল্ডার নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন আশপাশের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, বালু ব্যবহার করে কাজ করা হলে বৃষ্টির সময় দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হবে। কারণ, এ সড়কে বাসসহ ভারী যানবাহন চলাচল করে।

হিজলার স্থানীয় একজন বাসিন্দা ও ঠিকাদার বলেন, সড়কের দুই পাশ টেকসই করতে হলে এজিং বা সড়কের দুই পাশের কিনারা বরাবর ইট দাঁড় করিয়ে সীমানা তৈরি করে তারপর শোল্ডার করতে হয়। কিন্তু বালু দিয়ে শোল্ডার করায় সড়ক বর্ষার সময় ভেঙে যাবে। তা ছাড়া বালু তুলে নেওয়া হচ্ছে সড়কের পাশ থেকে। বৃষ্টির সময় এসব বালু পানির সঙ্গে মিশে দ্রুত সরে যাবে।

সড়ক নির্মাণকাজের মিস্ত্রি আব্দুল জলিল সরদার বলেন, ‘সড়কটির রক্ষণাবেক্ষণের কাজের মধ্যে হিজলার অংশ ১৩ কিলোমিটার এবং মুলাদী সেতুর ওপারে তিন কিলোমিটার রয়েছে। বাকি প্রায় ছয় কিলোমিটার মীরগঞ্জ ফেরি থেকে রহমাতপুর পর্যন্ত। হিজলার কাউরিয়া থেকে সড়কের দুই পাশের শোল্ডার তৈরির কাজ চলছে। এরই মধ্যে তিন কিলোমিটারের মতো কাজ হয়েছে। তবে মাটি না পাওয়ায় বালু দিয়ে শোল্ডার করা হয়েছিল। পরে স্থানীয়দের আপত্তিতে বালু দিয়ে এজিং বন্ধ করা হয়েছে।’

সংস্কারকাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান আদি কনস্ট্রাকশনের প্রকৌশলী মো. মাহিন বলেন, সড়কের শোল্ডারের কাজ অল্প কিছু করা হয়েছে। অভিযোগ পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। যেসব স্থানে বালু ফেলা হয়েছে, সেসব স্থানে দূর থেকে মাটি এনে শোল্ডার করা হবে।

প্রকল্পটির ঠিকাদার আতিকুর রহমান বলেন, সড়কটি টেকসই করার জন্য যা করার দরকার, তা-ই করা হবে।

জানতে চাইলে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাগর জোমাদ্দার বলেন, ‘বরিশালের রহমাতপুর থেকে বাবুগঞ্জের মীরগঞ্জ হয়ে মুলাদী থেকে হিজলা পর্যন্ত সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ২১ কিলোমিটার ৮০০ মিটারের এ কাজে বরাদ্দ ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা। সড়কের মূল কাজ পিচঢালাই। তবে বিভিন্ন স্থানে এজিং করে শোল্ডার করা, মাটি ভরাট এবং পাইলিংয়ের কাজ রয়েছে। বিভিন্ন স্থানে শোল্ডার করার ক্ষেত্রে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ পেয়েছি। পরে ঠিকাদারকে মাটি দিয়েই সড়কের শোল্ডার তৈরি করতে বলেছি।’

হিজলার ইউএনও ইলিয়াস সিকদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, সড়কের দুই পাশের শোল্ডার বালু দিয়ে ভরাট করা হচ্ছে। আমি তাৎক্ষণিক সওজ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। এ ছাড়া ঘটনাস্থলে থাকা সহঠিকাদারকে বালু সরিয়ে মাটি ব্যবহারের নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত