আইনের খসড়া: কুমিরের মাংস রপ্তানির পথ খুলছে
• অভিন্ন বিষয়ে আইন নিয়ে বন বিভাগের সঙ্গে দ্বন্দ্বের শঙ্কা
• খামার করলে বন্য প্রাণী হত্যা বেড়ে যেতে পারে: গবেষক
• বনের প্রাণীদের ওপর প্রভাব পড়বে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন এবং কুমিরের মাংস, হরিণের চামড়াসহ বন্য প্রাণিজাত পণ্য উৎপাদন নিয়ন্ত্রণে নতুন আইন করতে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই আইন পাস হলে বন্য প্রাণীর মাংস ও চামড়া ছাড়াও বীর্য, ভ্রূণ এবং লোমের মতো পণ্য রপ্তানির পথ সুগম হবে। তবে বন বিভাগের একটি আইনে একই ধরনের কিছু বিষয় থাকায় দুই কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা করা হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও বন্য প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইনে চামড়া, মাংসসহ দেহাংশ রপ্তানির সুযোগ তৈরি হলে বিপন্ন বন্য প্রাণী হত্যা-ধ্বংস আরও বেড়ে যেতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আইনের খসড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই নতুন আইনের নাম দেওয়া হয়েছে ‘স্তন্যপায়ী, সরীসৃপ ও পাখিজাতীয় প্রাণীর খামার স্থাপন, নিবন্ধন, প্রজনন ও উৎপাদন আইন, ২০২৬’। ১৯ নভেম্বর খসড়াটি পর্যালোচনার জন্য আন্তমন্ত্রণালয় সভা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্র বলছে, নতুন আইনটি করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর মৌখিক নির্দেশনার পরে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাগিদ দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন, নিবন্ধন, উদীয়মান ও বৈচিত্র্যময় প্রাণী এবং প্রাণিজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি-রপ্তানিসহ এ-সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়গুলো পশুরোগ আইন, ২০০৫-এর প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন আইন করা প্রয়োজন।
খসড়ায় বলা হয়েছে, আইনের আওতায় প্রাণী, প্রাণিজাত পণ্য ও উপজাতের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাণিস্বাস্থ্য কোয়ারেন্টিন ও প্রযোজ্য স্যানিটারি ব্যবস্থা বাস্তবায়ন করা যাবে। খসড়ায় প্রাণিজাত পণ্যের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘প্রাণিজাত পণ্য বলতে কোনো প্রাণী ও প্রাণীর মৃতদেহের আংশিক বা সম্পূর্ণরূপে সংগৃহীত বা প্রস্তুত করা যেকোনো পণ্য এবং প্রাণীর মাংস, রক্ত, হাড়, মজ্জা, দুধ, দুগ্ধজাত পণ্য, ডিম, চর্বি থেকে উৎপাদিত খাদ্যসামগ্রীকে বোঝাবে। এ ছাড়া প্রাণীর বীর্য, ভ্রূণ, শিরা-উপশিরা, লোম, নাড়িভুঁড়ি, হরিণের চামড়া ও মাংস, কুমিরের চামড়া ও মাংস, সাপের বিষ ও চামড়া, কচ্ছপের উপজাতসমূহ, গুইসাপের উপজাতসমূহ এবং নির্ধারিত প্রাণিদেহের যেকোনো অংশ এর আওতায় পড়বে।’
নতুন আইনের খসড়া বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের আইন কর্মকর্তা এ কে এম বাহারুল ইসলাম তালুকদার আজকের পত্রিকার প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন আইনের মাধ্যমে উদীয়মান বৈচিত্র্যময় প্রাণী বাণিজ্যিকভাবে পালনে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। কুমিরসহ অন্যান্য প্রাণীর খামার তৈরি সহজ হবে। এ খাতে অনেক বিনিয়োগকারী এগিয়ে আসবে।’
বন বিভাগের সঙ্গে দ্বন্দ্বের শঙ্কা
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত আইনের খসড়ার সঙ্গে বন বিভাগের ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬’-এ কিছু বিষয়ে মিল এবং কিছু বিষয়ে অমিল রয়েছে। বন্য প্রাণী নিয়ে কাজ যাঁরা করেন, তাঁদের আশঙ্কা, এতে দুটি সরকারি দপ্তরের মধ্যে বিরোধ তৈরি হবে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের বাস্তবায়নকারী সংস্থা বন অধিদপ্তর। এই আইনে বলা হয়েছে, বন্য প্রাণীর খামার পরিচালনা, বন্য প্রাণী লালন-পালন, বাণিজ্যিক উৎপাদন এবং বন্য প্রাণী ও এর দেহাংশ আমদানি ও রপ্তানিতে বন অধিদপ্তরের লাইসেন্স (নিবন্ধন) ও পজেশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এইা আইন কার্যকরভাবে বাস্তবায়নে বন অধিদপ্তর নতুন করে বন্য প্রাণী উইং প্রতিষ্ঠা করবে।
অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের তৈরি করা নতুন আইনের খসড়ায় কুমির, হরিণ ও সাপের খামার তৈরিতে এই অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়ার কথা বলা হয়েছে। আইন বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন সেল গঠন করবে। সেই সেল বন্য প্রাণীর দেহাংশ আমদানি-রপ্তানিতে অনাপত্তিপত্র দিতে পারবে। বলা হয়েছে, আইন পাস হলে পরে বিধিমালা তৈরি করে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাসঙ্গিক ইস্যুতে শর্ত, পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে জরুরি নির্দেশনা দিতে পারবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু আইনি জটিলতার কারণে কুমিরসহ বন্য প্রাণীর খামারগুলো লাভজনক পর্যায়ে যেতে পারেনি। আমরা অংশীজনদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো শনাক্ত করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে মত জানতে চাইলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বন অধিদপ্তরের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর বিষয়ে তিনি অবগত। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত নতুন আইন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
দ্বিমত বন্য প্রাণী গবেষকের
আইনের মাধ্যমে বন্য প্রাণী পালনে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ও বন্য প্রাণী গবেষক মো. আনোয়ারুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্য প্রাণী বনে থাকবে। খামার করলে সে অছিলায় বন্য প্রাণী হত্যা ও ধ্বংস আরও বেড়ে যাবে। হরিণের খামার নিয়ে আপত্তি তুলেছিলাম। এটা এখন অনিয়ন্ত্রিত বিষয় হয়ে গেছে। যেকোনো বন্য প্রাণীর খামার নিষিদ্ধ হওয়া দরকার। এভাবে চলতে থাকলে দেশে এরই মধ্যে সংকটে থাকা অনেক বন্য প্রাণী আর টিকে থাকবে কি না, সন্দেহ আছে।’
মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, কুমির ও সাপের খামার বাড়তে থাকলে অন্য বন্য প্রাণীদের খামার করার বিষয়েও লোকে উৎসাহিত হবে। নিছক মুনাফার আশায় অনেকে খামার করবেন। কেউ কেউ শুধু খামারের প্রাণীর ওপর নির্ভর না করে অসাধু পথেও যেতে পারেন। সার্বিকভাবে এই আইন হলে তা দেশের জন্য অমঙ্গলজনক হবে।
দেশের বর্তমান চিত্র
বর্তমানে দেশে মাত্র দুটি কুমিরের খামার রয়েছে। দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় যাত্রা শুরু করে। দুবার মালিকানা বদল হয়ে এটি বর্তমানে বেসরকারি সংস্থা উদ্দীপনের নিয়ন্ত্রণে রয়েছে। দুই দফা চামড়া রপ্তানির পর আইনি জটিলতায় পড়ে খামারটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। ব্যবসা বন্ধ থাকায় প্রচুরসংখ্যক কুমিরের জন্য খাবারের সংস্থান করতে খামারটির কর্তৃপক্ষ চাপে আছে। অন্য কুমিরের খামারটি ২০০৮ সালে শুরু হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে। শিল্প-বাণিজ্যগোষ্ঠী আকিজের আওতাধীন এই উদ্যোগের নাম ‘আকিজ ওয়াইল্ডলাইফ ফার্ম লিমিটেড’। পটুয়াখালী সদর উপজেলায় একটি বাণিজ্যিক সাপের খামার রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় কয়েকটি বেসরকারি হরিণের খামার রয়েছে। ঢাকার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উদ্বৃত্ত চিত্রল হরিণ একটি প্রক্রিয়ার মাধ্যমে শর্ত সাপেক্ষে ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারির কাছে বিক্রি করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের বন্য প্রাণীর খামারগুলোর অধিকাংশ এখনো লাভজনক পর্যায়ে নেই।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যা বললেন
সার্বিক বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অন্য দেশের বিদ্যমান আইন আমরা পর্যালোচনা করছি। নতুন আইনের খসড়া নিয়ে অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই আইন চূড়ান্ত করা হবে। ফলে সরকারের অন্য দপ্তরের সঙ্গে আইন নিয়ে বিরোধ হবে না। যেহেতু আলাদা খামারে লালনপালন হবে, তাই বনাঞ্চলের বন্য প্রাণীদের ওপর এর প্রভাব পড়বে না।’
বিশেষ করে কুমিরের খামারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কুমিরের খামার আমাদের দেশে খুবই সম্ভাবনাময় খাত। আমরা চাই এর বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতি উপকৃত হোক।’









