Ajker Patrika

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১: ১৫
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাতীয় পার্টি
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপ শুরু হয়। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এ দিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলেও প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে না বিরোধী দল জামায়াত ও জাতীয় পার্টি।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

সংলাপের প্রথম দিন ২৯ নভেম্বর বিএনপি ও জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছিলেন ইসি সচিব। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে জাতীয় পার্টির নামও। তবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

অন্য দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি, জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোনো ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত