ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।









