Ajker Patrika

হরমুজে দুটি ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

আজকের পত্রিকা ডেস্ক­
হরমুজে দুটি ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব
প্রতীকী ছবি

ওমান উপসাগরের উত্তরে হরমুজ প্রণালির প্রবেশমুখে দুটি ভারতীয় জাহাজে সরাসরি গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজ দুটির মধ্যে একটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল। এই ঘটনার পরপরই ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা রয়টার্স হামলার তথ্য নিশ্চিত করেছে।

দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’। দুটি জাহাজেই সরাসরি গুলি করা হয়েছে। নয়াদিল্লি জাহাজ দুটিতে আইআরজিসির গুলিবর্ষণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতহালিকে তলব করে। তিনি সেখানে মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান ডেস্কের যুগ্ম সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের পক্ষ থেকে প্রতিবাদপত্র গ্রহণ করেন।

হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির ভেতরে ভারতের কোনো যুদ্ধজাহাজ নেই। তবে ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাংকার মোতায়েন রয়েছে। ভারতীয় নৌবাহিনী বর্তমানে এই হামলার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম দেশ, যাদের সর্বোচ্চসংখ্যক জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করে এবং দেশটি জ্বালানি আমদানির জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীল।

প্রসঙ্গত, গতকাল শুক্রবারই ইরান হরমুজ প্রণালি ‘সাময়িকভাবে উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। এমনকি মেরিটাইম ট্র্যাকারগুলোতে আজ সকালেও আটটি ট্যাংকারের একটি বহরকে এই পথ দিয়ে যেতে দেখা যায়, যা গত সাত সপ্তাহের যুদ্ধের মধ্যে প্রথম বড় নৌ-চলাচল ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, ইরান প্রণালিটি খুলে দিতে রাজি হয়েছে। কিন্তু মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবিতে ইরান হঠাৎ শনিবার থেকে অবস্থান পরিবর্তন করে এবং তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি শিপিং সূত্রের বরাত দিয়ে জানায়, আজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তখন নির্দিষ্ট করে বলা হয়নি জাহাজ দুটি কোন দেশের ছিল। তবে এনডিটিভি, দ্য হিন্দুসহ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার শিকার দুটি জাহাজই ছিল ভারতীয়।

ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্যমতে, এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, ভারতীয় জাহাজ দুটি ইরানি নৌবাহিনীর অনুমতি উপেক্ষা করে হরমুজ পার হতে চেয়েছিল। ফলে হামলার মুখে পড়ে। পরে জাহাজ দুটি ইউটার্ন নিয়ে আবার বন্দরে ফিরে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত