Ajker Patrika

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২০: ৩২
হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব
প্রতীকী ছবি

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনার পরপরই ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।

ভারত সরকারের সূত্রটি জানিয়েছে, ভারতীয় পতাকাবাহী আক্রান্ত জাহাজটির নাম ‘সানমার হেরাল্ড’। তবে স্বস্তির বিষয় হলো, হামলায় জাহাজটির কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি শিপিং সূত্রের বরাতে জানায়, আজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।

হামলার আগে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পায়। ওই বার্তায় স্পষ্ট করে বলা হয়েছিল, হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে কোনো জাহাজকেই এই পথ অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।

ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্যমতে, রেডিও বার্তার পরপরই একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়। ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। তবে ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদ ছিলেন।

এর আগে আজ সকালে মেরিটাইম ট্র্যাকারগুলোতে দেখা যায় আটটি তেলের ট্যাংকারের একটি বিশাল বহর হরমুজ অতিক্রম করছে। সাত সপ্তাহ আগে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল বড় কোনো নৌযানের প্রথম প্রকাশ্য চলাচল। কিন্তু এই স্বস্তির রেশ বেশিক্ষণ টেকেনি।

উল্লেখ্য, গতকালই ইরান হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ সকাল থেকে আবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় আইআরজিসি এবং নতুন করে কিছু শর্ত আরোপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত