Ajker Patrika

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯: ৪৮
নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি
এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসার পর ক্ষোভ জানিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। এনসিপির নারী সংগঠনটিতে তাঁকে পদায়ন করার বিষয়ে তিনি অবগত নন বলেও ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে এনসিপিসহ এই দল সংশ্লিষ্ট সকল সংগঠনের অব্যাহতির কথা জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা জানান প্রীতি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো পদত্যাগপত্র পোস্টে সংযুক্ত করেছেন তিনি।

দ্যুতি অরণ্য চৌধুরী এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক পদের পাশাপাশি জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এনসিপিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দেন। এরপর থেকে তাকে দলে সক্রিয় হতে দেখা যায়নি।

শনিবার এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেখানে দ্যুতি অরণ্য চৌধুরীকে যুগ্ম সদস্যসচিব পদ দেওয়া হয়। এরপরই তিনি জানান, এই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

ফেসবুক পোস্টে দ্যুতি লিখেছেন, “নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, উক্ত কমিটির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি।’

ফেসবুক পোস্টে পদত্যাগপত্রও যুক্ত করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘এনসিপি-র প্রাথমিক লক্ষ্য, আদর্শ এবং নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রুতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না।’

দ্যুতি অরণ্য দলের কোনো কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা না রাখার কথা উল্লেখ করে লিখেছেন, ‘সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আমি অদ্যই এনসিপি-র সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে এই দলের কোনো কার্যক্রমের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’

প্রসঙ্গত, গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করে জাতীয় নারীশক্তি। সে সময় এই সংগঠনের আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব পদে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।

এরপর শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং দলে আবারও সক্রিয় হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরব যুদ্ধ: ৫ বিলিয়ন ডলারের পেস্তাবাদামের বাজার দখলের লড়াই

হরমুজে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলা ও মহানগরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত