সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। প্রথমদিকে শোবিজ তারকারা এ নিয়ে চুপ থাকলেও গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা।
চিত্রনায়িকা পরীমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লেখেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’
শবনম বুবলী লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’
শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির লেখেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব।… কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসাসেবার প্রয়োজন হয়, আমি আছি।… আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেতা সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লেখেন, ‘দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ। ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’
নির্মাতা বদরুল আনাম সৌদ ফেসবুকে লেখেন, ‘একের পর এক ভুল। সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিকস—সব ভুলে বসে আছি সবাই। হুজুগ আর ক্ষমতা লড়ছে। সংলাপ বসে আছে অসহায় হয়ে।’
নির্মাতা খিজির হায়াত খান লেখেন, ‘আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোন কথা নাই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম।’
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, ‘এরা বুক ফুঁলিয়ে যতই “জয় বাংলা” বলে চেঁচাক, ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধের সাথে ২০২৪-র আজকের এই ছাত্রলীগের কোন ধরণের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সাথে তার কোন মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’
চিরকুট ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি লেখেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন; সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল।’ শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টে কোটা সংস্কারের এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এই প্রসঙ্গে শোবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি।
অনেক শোবিজ তারকা আবার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিছিলে ‘রাজাকার’ স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন।
লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লেখেন, ‘যারা একাত্তরে পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন! কী দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করছে!’
অভিনেতা রওনক হাসান লেখেন, ‘কোটা সংস্কার হতেই পারে।..কিন্তু হাজারো সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা।’
অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কি হবে সেটাই ভাবছি।’
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, এমন দাবি করে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
আরও খবর পড়ুন:

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে