প্রথম প্রেমের গল্পে যুক্ত হলেন সানজিদা প্রীতি

মঞ্চ, টেলিভিশন, ওটিটি ও চলচ্চিত্র—সব মাধ্যমেই রয়েছে অভিনেত্রী সানজিদা প্রীতির সফল পদচারণ। তবে মঞ্চে নিয়মিত দেখা গেলেও ভিজ্যুয়াল মিডিয়ায় আগের মতো আর নিয়মিত দেখা যায় না তাঁকে। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। দুই বছর পর কোনো ধারাবাহিকে অভিনয় করলেন প্রীতি। সবশেষ দুই বছর আগে দীপ্ত টিভির ‘ফুলবাহার’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
প্রথম প্রেমের গল্প পরিচালনা করেছেন তানভীর তন্ময়। নির্মাতা জানালেন, ধারাবাহিকটিতে সানজিদা প্রীতি অভিনয় করেছেন জেরিন খান চরিত্রে। অষ্টম পর্ব থেকে দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ, ফারিন খান প্রমুখ।
এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে সানজিদা প্রীতি বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’
নির্মাতা তানভীর তন্ময় বলেন, ‘সানজিদা প্রীতি অভিনয় করছেন ফারিন খানের বড় বোন জেরিন খানের চরিত্রে। বিদেশে থাকে সে। ফারিনের মৃত্যুর পর দেশে আসে এবং বোনের হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রতিশোধের মিশনে নামে।’
তানভীর তন্ময় আরও বলেন, ‘এটি পাওয়ারফুল একটি চরিত্র। নিলয় আলমগীরের বিরুদ্ধে তাঁর মিশন। শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে হবে। ওই জায়গা থেকে ভাবছিলাম কাকে নেওয়া যায়? সব মিলিয়ে সানজিদা প্রীতিকে বেস্ট মনে হলো। আরও মনে হলো, চরিত্রটিতে তাঁকে ভিন্নভাবে প্রেজেন্ট করা যাবে। এরপর শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলোচনা করে তাঁকে ধারাবাহিকটির প্রস্তাব দিই। সানজিদা প্রীতি গুণী অভিনেত্রী। চরিত্রটির সঙ্গে সাবলীলভাবে মিশে গেছেন। তাঁর সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো।’
করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রথম প্রেমের গল্প। গত অক্টোবর থেকে এনএএফ ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব মুক্তি দেওয়া হচ্ছে ধারাবাহিকটির। তবে প্রকাশের পর নাটকটির বিরুদ্ধে উঠেছে পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প নকলের অভিযোগ। সেই অভিযোগ স্বীকার করে নির্মাতা জানিয়েছেন, বিদেশি একটি সিরিয়ালের গল্প থেকে নির্মাণ শুরু হলেও সামনে দেখা যাবে মৌলিক গল্প।









