পর্যটন, ব্যবসা ও চিকিৎসার জন্য ভিসা নীতি সহজ করল ভারত

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরির সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশে ভারতে যেতে আগ্রহীদের জন্য প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার ধরন পুনর্বিন্যাসের পাশাপাশি আবেদনপত্রও সহজ করা হচ্ছে। ২৩টি উপক্যাটাগরির সব কটির আবেদনপত্রে তথ্য দেওয়ার ঘর বা ফিল্ডের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে ভিসা ব্যবস্থায় প্রথম দফায় পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ সংস্কারের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে ভারত সরকার।
ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা
নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। প্রচলিত পর্যটনের বাইরেও বিভিন্ন স্বল্পমেয়াদি কার্যক্রমকে এই ভিসার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্স।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের কোর্স করা যাবে। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর আওতায় থাকবে।
অন্যদিকে, দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভি-২ ভিসা রাখা হয়েছে। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি এতে পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাসের পৃথক মাল্টিপল-এন্ট্রি সুবিধাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ভিসাব্যবস্থাও পুনর্গঠন করা হয়েছে। প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।
এম-১ ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতির বাইরের চিকিৎসার জন্য। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য প্রযোজ্য হবে এম-৩ ভিসা। দুই ধরনের ভিসার ক্ষেত্রেই সাধারণ মেয়াদ হবে এক বছর। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।
রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রয়েছে। এম-১ ভিসাধারীর সঙ্গে থাকা ব্যক্তিদের দেওয়া হবে এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারীর সঙ্গীদের জন্য থাকবে এম-৪ ভিসা।
ভারত সরকারের ভাষ্য, নতুন ব্যবস্থায় একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া, ফলোআপ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়—এমন বিদেশি রোগীদের সুবিধা হবে। বারবার ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এই পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ব্যবস্থা
শিক্ষার্থী ভিসার উপক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে—এস-১ ও এস-২। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করা যাবে।
অন্যদিকে, এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারেন। তবে তাঁদের কোর্সের মেয়াদ পাঁচ বছরের কম হলে ভিসার মেয়াদও সেই অনুযায়ী নির্ধারিত হবে। এই ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ভারত সরকারের মতে, নতুন ব্যবস্থায় দেশটিতে পড়াশোনা বা গবেষণা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ ও শর্ত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ব্যবসায়িক ভিসার পুনর্বিন্যাস
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-১ ভিসা।
অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রমের জন্য প্রযোজ্য হবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।
ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নতুন বিধান যুক্ত হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, পণ্যের মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশি পেশাজীবীরা এই সুবিধা পাবেন।
এ ধরনের বিশেষজ্ঞদের বি-২ ক্যাটাগরির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ দেওয়া হবে। ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমেও এ ভিসার আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
ভারত সরকারের মতে, নতুন বিধানের ফলে বিদেশি কারিগরি বিশেষজ্ঞ নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর জন্য ভিসার নিয়মকানুন আরও স্পষ্ট হবে।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩টি উপক্যাটাগরিতে ই-ভিসা দেওয়া হয়। নতুন কাঠামো কার্যকর করতে ভারতের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোর আওতায় ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।
সংশোধিত ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরি থাকবে মোট নয়টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের স্বামী বা স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল পরিবারের সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি, ভারতে অবস্থানের ভিসা নিতে আগ্রহী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত কিছু দীর্ঘমেয়াদি ভিসার আবেদনকারী।
তথ্যসূত্র: এনডিটিভি









