চাপের মুখে সিদ্ধান্ত দিলেন বিমানের বিদায়ী এমডি, জানালেন আপত্তিও

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নানা স্তরের কর্মীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ অবস্থায় কয়েক দিন কর্মস্থলে অনিয়মিত থাকার পর ১২ আগস্ট বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করেন বিমানের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঞা। বৈঠকে চাপের মুখে নির্বাহী পরিচালকদের আহ্বানে বেশ কিছু সিদ্ধান্ত নেন তিনি। এ ধারা অব্যাহত থাকে পরবর্তী কয়েক দিন। তবে ১৫ আগস্ট বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়ার আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে চাপের মুখে নেওয়া নিজের সিদ্ধান্তগুলোর বিষয়ে আপত্তি জানিয়ে যান তিনি।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডিসহ মন্ত্রণালয় থেকে আসা সব কর্মকর্তার পদত্যাগসহ বেশ কিছু দাবিতে ৮ আগস্ট থেকে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবির মধ্যে অন্যতম ছিল প্রেষণে আসা আমলাদের প্রত্যাহার, কোভিডকালীন স্টাফদের কর্তিত বেতন ফিরিয়ে দেওয়া, তিন হাজার ক্যাজুয়াল (অস্থায়ী) কর্মচারীর চাকরি স্থায়ী করা, বিমানের প্রায় ছয় হাজার জনবলকে পেনশনের আওতাভুক্ত করা। পাশাপাশি দীর্ঘদিন ধরে এয়ারলাইনসটিতে বেতন, ভাতাদি, পদোন্নতি, বদলি, পদায়ন ও বিদেশ ভ্রমণ নিয়ে নানা বৈষম্য, স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ করার দাবিও জানান তাঁরা।
কর্মীদের এসব দাবির মুখে ১২ আগস্ট বিমানের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করেন সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। বৈঠকে বিমানের প্রকৌশলীদের প্রোডাকটিভিটি ও অন্যান্য ভাতা এবং নিরাপত্তা বিভাগের কর্মীদের ঝুঁকি ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈমানিকসহ সব কর্মকর্তা-কর্মচারীর চলমান মামলা নিষ্পত্তি, চাকরি-সংক্রান্ত বিবিধ অভিযোগ, অনিচ্ছাকৃত স্বেচ্ছা অবসর, পদোন্নতি-সংক্রান্ত জটিলতায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করতে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া কোভিডকালীন স্টাফদের কর্তিত বেতন ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বেতন বিভাগ ৩(২)-এ ক্যাজুয়াল হিসেবে কর্মরতদের চাকরির মেয়াদ ১ বছর পর ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। ওই ৩ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন হলে চুক্তিভিত্তিক নিয়োগের তারিখ থেকে স্থায়ী করা হবে। অন্যদিকে বেতন বিভাগ ৩(১)-এ ক্যাজুয়াল হিসেবে চাকরির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়। বলা হয়, ক্যাজুয়াল হিসেবে ৩ বছর চাকরি করার পর ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। ওই ৩ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন হলে চুক্তিভিত্তিক নিয়োগের তারিখ থেকে স্থায়ী করা হবে।
এর আগে ২০ দফা দাবিতে ৮ আগস্ট স্মারকলিপি দেয় বিমানের কেবিন ক্রু ইউনিয়ন। তাঁদের অন্যতম দাবি ছিল, ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রুর চাকরি স্থায়ীকরণ করা ও পেনশন সুবিধার আওতায় আনা। দাবি না মানলে তাঁরা কর্মবিরতির হুমকিও দেন। পরবর্তী সময়ে ১২ আগস্টের বৈঠকে বেতন বিভাগ চতুর্থের চুক্তিভিত্তিক কেবিন ক্রুদের নিয়োগের তারিখ থেকে স্থায়ীকরণের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন বিদায়ী এমডি।
এদিকে ১৪ আগস্ট বিমানে শীর্ষ পদে বড় রদবদল করেন বিদায়ী এমডি। ওই দিন এক অফিস আদেশে বিমানের পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয় শাকিল মেরাজকে। তিনি বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে ছিলেন। পৃথক আরেক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এদিকে একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম-ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর, বিমানের আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইনস ট্রেনিং সেন্টার এবং বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপবিভাগে বদলি করা হয়।
১৫ আগস্ট জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগেই ১৪ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বল প্রয়োগে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে আপত্তি জানান তিনি।
চিঠিতে জাহিদুল ইসলাম ভূঞা উল্লেখ করেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বিমানেও যৌক্তিক-অযৌক্তিক অনেক দাবি উত্থাপিত হয়েছে এবং ফ্লাইট সার্ভিস ও এয়ারপোর্টের কার্যক্রম চলমান রাখার প্রয়োজনে চাপের মুখে নির্বাহী পরিচালকমণ্ডলীর আহ্বানপূর্বক অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে এবং প্রশাসনিক আদেশ জারি করতে হয়েছে। যেগুলোর মধ্যে কিছু ব্যত্যয় হতে পারে, যা বোর্ডে উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করার প্রয়োজন হতে পারে।’
উল্লেখ্য, অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঞা বিমানে এমডি হিসেবে নিয়োগপ্রাপ্তির আগের ৫ বছর সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকা’কে জানান, বিমানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা নানা দাবি নিয়ে সদ্য বিদায়ী এমডিকে চাপ দিচ্ছিলেন। এ অবস্থায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলে সাধারণ যাত্রী বিশেষ করে প্রবাসী কর্মীরা সংকটে পড়তেন। পাশাপাশি বিমানের ভাবমূর্তিও নষ্ট হতো। এমন পরিস্থিতি এড়াতে অধিকাংশ দাবি মানতে বাধ্য হয়েছিলেন সাবেক এমডি। যদিও নিয়ম অনুযায়ী এসব সিদ্ধান্ত পরিচালনা পর্ষদে পাস হওয়া প্রয়োজন ছিল।
আরও খবর পড়ুন:
- অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক কারাগার থেকে হাসপাতালে
- নিরাপত্তা জোরদারে মেট্রোরেলকে ‘জরুরি সেবা’ ঘোষণার উদ্যোগ
- আনসারদের বিক্ষোভের মুখে যেসব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- রাষ্ট্রপতির ক্ষমায় ৩২ বছরে কতজনের সাজা মওকুফ, জানতে চেয়ে নোটিশ
- বিডিআর বিদ্রোহ: ডিএডি রহিমের মৃত্যুতে শেখ হাসিনাসহ ১১ জনের নামে হত্যা মামলা
- শিক্ষাপ্রতিষ্ঠানে কাউকে বলপূর্বক পদত্যাগ করানো যাবে না: শিক্ষা উপদেষ্টা
- দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে: হাফিজ উদ্দিন
- মহাকাশে আটকে পড়া নভোচারীদের ফেরাতে স্পেসএক্সের সাহায্য নেবে নাসা
- টঙ্গীতে ১৯ দফা দাবিতে ওষুধ উৎপাদন কারখানায় শ্রমিক বিক্ষোভ
- বাংলাদেশের কাছে বিদ্যুতের ৮০ কোটি ডলার পায় আদানি: গভর্নর
- ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিল হবে না, উপদেষ্টার হুঁশিয়ারি
- আজিজ, সোহায়েল, জিয়ার দুর্নীতির অনুসন্ধান শুরু
- ‘প্রয়োজনে আত্মহত্যা করব, তবু পদত্যাগ করব না’
- ইউনূস-হাসিনার বিরোধ কবে থেকে
- বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা
- মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ৬ জনের চক্রে হাপিস ৫০০ কোটি
- ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
- চট্টগ্রামে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট: ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা
- ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশ
- প্রতিটি স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে মস্তিষ্ক
- চীনকে টপকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত
- ৭ সাংবাদিকের নামে হত্যা মামলা
- ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
- ১৬ মাসের অপেক্ষা ফুরোল মুশফিকের, ছাড়িয়ে গেলেন তামিমকেও
- বন্যায় ভাসছে দেশ, গুজবে সয়লাব ফেসবুক
- মোদির কৌশলে প্রতিবেশীদের কাছে বিপন্ন ভারতের ভাবমূর্তি
- ভারতে যাওয়ার পথে বেনাপোল বন্দরে আটক যশোর জেলা ছাত্রলীগের সম্পাদক
- পার্লামেন্টে জোট বাঁধছে চিরপ্রতিদ্বন্দ্বী পিটিআই ও জেইউআই-এফ









