
সাদা পাথর লুট ও চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দীনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে জানতে সাহাব উদ্দীনকে মোবাইলে কল দিলে তিনি বলেন, ‘আমি তো এখনো জানি না এ বিষয়ে। পরে আলাপ করমুনে, এখন একটা মিটিংয়ে আছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই কোম্পানীগঞ্জ উপজেলায় চাঁদাবাজি ও বালু-পাথর লুটপাটে সাহাব উদ্দীনের নাম জড়িয়ে পড়ে। এ ছাড়া সরকার পরিবর্তনের পর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সরকারি দেড় শ একর ভূমি দখলদার হিসেবে অভিযুক্ত হন সাহাব উদ্দীন। ওই সময় ভোলাগঞ্জ স্থলবন্দর ও পর্যটনকেন্দ্রের জায়গার ওপর নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। লুট করা হয় স্থলবন্দরের নির্মাণসামগ্রী। পরে ভোলাগঞ্জে রেলওয়ের সংরক্ষিত এলাকা এমনকি সাদা পাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটপাটের পেছনে তাঁর মদদ রয়েছে বলে অভিযোগ ওঠে।
বিশেষ করে ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় বাংকারের পাথর লুট করে সাহাব উদ্দীনের নিয়ন্ত্রণাধীন জায়গা নদীর তীরে এখনো ডাম্পিং করা হচ্ছে।
নানা অভিযোগে গত মার্চে জেলা বিএনপি তাঁকে শোকজ করে। পরে তাঁর বিরুদ্ধে দলীয় তদন্ত করা হয়। সেই তদন্ত প্রতিবেদনের আলোকে কেন্দ্রীয় কমিটি গতকাল তাঁকে দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করে বলে জানিয়েছেন দলটির সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী।

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
১২ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাপায় আব্দুল আজিজ (৬২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তম আলী মণ্ডলের ছেলে।
৩৫ মিনিট আগে
গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চিকিৎসক সংকটে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে।
১ ঘণ্টা আগে