
২০১৭ সালের ১৩ জুন। রাঙামাটির কাপ্তাইবাসীর জন্য এটি ছিল এক বিভীষিকাময় দিন। আগের দিন মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টানা বর্ষণে তখন ঘরবন্দী মানুষ। সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে পাহাড়ধসে হতাহতের মৃত্যুর খবর। ওই দিনের পাহাড়ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন।
তবে আজকের সেই দিনের ঝুঁকি ও শঙ্কা ৯ বছরেও কাটেনি। ভয়াবহ ওই ঘটনার পরও বন্ধ হয়নি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস। এখনো বিভিন্ন পাহাড়ের পাদদেশে শত শত পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। বিশেষ করে কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে বহু পরিবার। এ ছাড়া ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া, তিনছড়ি, মিতিঙ্গাছড়িসহ দুর্গম অনেক জায়গায় বসবাস করছে অনেক পরিবার। তারা আছে ঝুঁকিতে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি হলে এই পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হলেও তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা সম্ভব হয়নি।
জানা গেছে, ভয়াবহ সেই দিন সকালে প্রথম দুঃসংবাদটি আসে চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি থেকে। পাহাড়ধসে সেদিন ওই এলাকায় বসবাসরত নুরনবীসহ তাঁর ছেলের সন্তানসম্ভবা স্ত্রী এবং তাঁর শিশুপুত্র ঘটনাস্থলে মারা যায়। এরপর একে একে ওয়াগ্গার মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া এবং চিৎমরম থেকে পাহাড়ধস ও মৃত্যুর খবর আসতে থাকে। সেদিনের পাহাড়ধসে কাপ্তাইয়ে প্রাণ হারায় ১৮ জন। পাহাড়ি ঢলে তলিয়ে যায় শত শত একর সবজিখেত, নষ্ট হয় বহু ঘরবাড়ি। এখনো দিনটির কথা স্মরণ করে শিহরিত হয় ওইসব এলাকার মানুষ।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় এখনো ঝুঁকিতে বাস করছে বহু মানুষ। যখন অতিবৃষ্টি হয়, তখন পাহাড়ধসের আশঙ্কায় তাঁরা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আসে। যদি এসব লোককে স্থায়ীভাবে কোনো জায়গায় পুনর্বাসন করা যেত, তাহলে সমস্যার সমাধান হতো।’
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, ‘ভয়াবহ পাহাড়ধসের সময় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অনেকে বসবাস করছেন। বিশেষ করে ঢাকাইয়া কলোনির বাসিন্দারা সবচেয়ে ঝুঁকিতে আছেন। তাঁদের স্থায়ী কোনো বন্দোবস্তের জন্য বর্তমান সরকার চেষ্টা করবে বলে আশা করছি।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিসহ উপজেলার রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়নে এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যাঁরা বসবাস করছেন, তাঁদের ডেটাবেজ করা হবে। তাঁরা ভূমিহীন কি না সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
রায়হানুল ইসলাম আরও বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে আমরা এসব এলাকায় গিয়ে জনগণকে পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য অনুরোধ করেছি। বিশেষ করে অতিবৃষ্টি হলে পাহাড়ধসের আশঙ্কা থাকে। তখন আমরা ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কাছের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি এবং তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করি। যদি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা দুর্যোগের আগে নিরাপদ স্থানে চলে আসেন, তাহলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।’

বিলুপ্তপ্রায় প্যাডেলচালিত স্টিমার বিশ্বের বিভিন্ন স্থানে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও দৃশ্যত এ দেশের মানুষকে আকৃষ্ট করতে পারছে না। বাংলাদেশে অবশিষ্ট মাত্র চারটি প্যাডেল স্টিমারের অন্যতম পিএস মাহসুদকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম এলেই শহর থেকে গ্রাম সর্বত্র কর্মচাঞ্চল্য তৈরি হয়। বিপুল সম্ভাবনা থাকলেও জেলায় এই খাতকে ঘিরে গড়ে ওঠেনি কোনো প্রক্রিয়াজাত শিল্প। ফলে অর্থনৈতিকভাবে কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক ও উদ্যোক্তারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং রাজস্ব শাখার সাবেক কারিগরি কর্মকর্তা (সার্ভেয়ার) মো. নুর চৌধুরীর বিরুদ্ধে রয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলা। সেই মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু একবারও গ্রেপ্তার হননি তিনি।
১ ঘণ্টা আগে
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, হাতীবান্ধার আমঝোল সীমান্তের ৯০৬/৮ এস পিলার-সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি দাঁড়ায়। ওই গাড়িতে থাকা লোকদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেন বিএসএফ...
৪ ঘণ্টা আগে