
পাহাড়ি জনপদ রামগড় এখন রঙিন ফলের রাজ্যে পরিণত হয়েছে। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও চারপাশ যেন রসালো এক উৎসবে মাতোয়ারা। লিচু, আম, কাঁঠাল, আনারস, চালতা, কামরাঙা—নানা জাতের ফলের বাহারে মুখর হাটবাজার, ছড়িয়ে পড়েছে মিষ্টি সুগন্ধ। কিন্তু এই বাহারি উৎসবের আড়ালে রয়ে গেছে এক চাপা কষ্ট—দুর্বল যোগাযোগব্যবস্থা, ভাঙা রাস্তা আর দালালনির্ভর বাজারব্যবস্থায় স্বপ্ন পূরণ হচ্ছে না কৃষকের।
রামগড়ের বিভিন্ন পাহাড়ি বাগানে এবার ফলনের পরিমাণ আশাব্যঞ্জক। কিন্তু ফল বাজারে পৌঁছাতে না পারায় কৃষকদের অনেক ফল পথেই নষ্ট হচ্ছে। লাভের হিসাব মিলছে না।
কৃষকদের অভিযোগ, সময়মতো ফল পরিবহন করতে না পারায় ভালো দামে বিক্রি করা যাচ্ছে না। একদিকে পাহাড়ি পথে গাড়ি ওঠানো কঠিন, অন্যদিকে অতিরিক্ত খরচ। এতে কৃষকের পরিশ্রমের বড় অংশই চলে যাচ্ছে দালাল আর পরিবহন মালিকদের পকেটে।
কুমিল্লা থেকে আসা পাইকার কবির আহমেদ বলেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লায় রামগড়ের ফলের চাহিদা অনেক। কিন্তু রাস্তাঘাট এতই খারাপ যে ফল তুলতেই ভয় লাগে—পচে যাবে কি না, ভেবেই শঙ্কা হয়।’
রামগড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি কোণজুড়ে পাহাড়ি ফলের স্তূপ। লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৫৫০–৬০০ টাকায়। আম কেজি ৮০–১২০ টাকা, আনারস জোড়া ৮০–১০০ টাকা। মাঝারি কাঁঠাল ৮০ টাকা, বড় কাঁঠাল ১৫০ টাকা দরে। দেশি জাম ১৫০–২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালতা, কামরাঙা, তেঁতুলের সরবরাহ তুলনামূলক কম হলেও বাজারে পাওয়া যাচ্ছে।
সদর এলাকার আমেনা বেগম বলেন, ‘এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি সারা বছর। পাহাড়ি লিচু আর কাঁঠালের স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না।’
স্থানীয় ফলচাষি উমেশ ত্রিপুরা বলেন, ‘লিচু আর আনারসে লাভ ভালো হলেও পরিবহন সমস্যা মার খাওয়াচ্ছে। বৃষ্টি হলে গাড়ি চলেই না। অনেক সময় ফল নষ্ট হয়ে যায়। প্রতি শ কাঁঠালে প্রায় ৪ হাজার টাকা পাই, কিন্তু দালাল আর পরিবহন খরচে লাভ কমে যায়।’

দোকানি মনির হোসেন বলেন, ‘এবার কাঁঠাল আর আনারস বেশি আসছে, লিচু কম। তাই লিচুর দামও তুলনামূলক বেশি। চালতা আর কামরাঙ্গা এখন আর আগের মতো হয় না। কিছু কিছু বাড়িতে এখনো চাষ হয়, তাই বাজারে একটু-আধটু পাওয়া যাচ্ছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফ উল্লা বলেন, ‘এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে লিচুর পরিমাণ কিছুটা কম। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা সঠিকভাবে বাজারজাত করতে পারছেন না। এতে ক্ষতি হচ্ছে।’
পরিবেশকর্মী করিম শাহ বলেন, ‘রামগড়ের বাজার এখন এক রসালো উৎসব। নানা জাতের ফলের স্বাদ নিতে ক্রেতারা ভিড় করছেন। তবে পরিবহন সমস্যা আর দেশি ফলের ঘাটতি দুঃখজনক। সময়মতো ব্যবস্থা না নিলে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে।’

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা...
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে উপ উপাচার্যকে (শিক্ষা) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে পচনশীল কীটনাশক স্প্রে করে এক কৃষকের ৭০০ কলাগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৃষক হুমায়ূন জানান, গত চার দিন আগে কলাবাগানে এসে দেখি মেহেদি ও রবি নামের গ্রামের দুই ব্যক্তি বাগান থেকে বের হচ্ছেন। এ সময় তাঁদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়।
১৭ মিনিট আগে