Ajker Patrika

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ, এখনো গলার কাঁটা স্মিথ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১: ৪৭
অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ, এখনো গলার কাঁটা স্মিথ
একের পর এক উইকেট নিয়ে এভাবেই উদযাপন করছে বাংলাদেশ। ছবি: এএফপি

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।

ডারউইনে আজ সিরিজের প্রথম টেস্টে সতীর্থরা যেখানে খেই হারিয়ে ফেলেছেন, স্টিভ স্মিথ বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়িয়ে গেলেন দেয়াল হয়ে। ২ রানে জীবন পাওয়া স্মিথ এখনো ৬৭ রানে ব্যাটিং করছেন। চা পানের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া করেছে ৮ উইকেটে ১৮৩ রান।

৭৪ রানে ৪ উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া শুরু করে দ্বিতীয় সেশনের খেলা। লাঞ্চ বিরতি শেষে ব্যাটিংয়ে নামেন অ্যালেক্স ক্যারি। বিপদে পড়া অজিদের হাল ধরেন স্মিথ-ক্যারি। পঞ্চম উইকেটে তাঁরা (স্মিথ-ক্যারি) গড়েন ৮৫ বলে ৫৫ রানের জুটি। ক্যারিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন ইবাদত হোসেন চৌধুরী। ৩৭তম ওভারের প্রথম বলে ইবাদতের ভেতরে ঢোকা বলে পায়ের ব্যবহার ঠিকমতো ব্যবহারই করতে পারেননি ক্যারি।

কিছুক্ষণ পর আঘাত হানেন তাসকিন। ৩৯তম ওভারের তৃতীয় বলে বিউ ওয়েবস্টারকে যেভাবে বোল্ড করেছেন তাসকিন, সেই বল খেলার কোনো উপায়ই ছিল না তাঁর (ওয়েবস্টার)। গুড লেংথে পিচ করিয়ে অফস্টাম্পে আঘাত হানেন তাসকিন। ইবাদত-তাসকিনের পর এবার অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করে ফেলেন হাসান। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও হাসান পেয়েছেন ২ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স (৯), মিচেল স্টার্ক (১) দুজনকেই কট বিহাইন্ড করেন হাসান। টেস্টে এটা তাঁর ৪০তম উইকেট। যার মধ্যে বিদেশের মাঠেই নিয়েছেন ২৮ উইকেট।

দুই সেশন মিলিয়ে খেলা হয়েছে ৪৮ ওভার। স্মিথ ৯৬ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৬৭ রান। নাথান লায়ন তিন বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি। হাসান নিয়েছেন ৪ উইকেট। ইবাদত ও তাসকিন পেয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। ওয়েদারাল্ড (২৩), হেডকে (২২) দ্রুত ফিরিয়ে শুরুতে ধাক্কা দেন হাসান। এরপর মারনাস লাবুশেনের (১) উইকেট নেন ইবাদত। আর লাঞ্চের আগে ক্যামেরন গ্রিনকে (১৩) ফেরান তাসকিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত