Ajker Patrika

এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক
রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্ধারিত ফরম পূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা।

আজ রোববার, বেলা ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়টি জানা যায়।

শিক্ষার্থীদের ভাষ্য, ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে রাখা হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হলেও এ বিষয়ে কোনো লিখিত চুক্তি বা শর্ত দেওয়া হয়নি। জামানতের অর্থ গ্রহণের বিপরীতে কোনো রসিদও দেওয়া হচ্ছে না।

অতিরিক্ত অর্থ জোগাড় করতে না পেরে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটি থেকে ১৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৬ জন। বাকি শিক্ষার্থীরা এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

অভিযোগ রয়েছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকেই জামানতের নামে অতিরিক্ত ৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বসু বলেন, ‘ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং কোচিংয়ের জন্য আরও ২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া যে টাকা নেওয়া হচ্ছে, তা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফেরত দেওয়া হবে। জামানতের বিষয়টি ম্যানেজিং কমিটি নির্ধারণ করেছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ বলেন, ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত বোর্ড ফি নেওয়া হচ্ছে। জামানতের বিষয়ে তিনি জানেন না।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত বোর্ড ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত