সিরাজদিখানে আগুনে পুড়ল দোতলা বসতঘর, রক্ষা পেল আশপাশের বাড়ি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে কাঠ ও টিনের তৈরি একটি দোতলা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের পালবাড়িতে বিষকরম পালের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিরাজদিখান ফায়ার স্টেশনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কাঠ ও টিনের তৈরি ২৫ বাই ২০ বর্গফুট আয়তনের দোতলা ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন পাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। এতে আশপাশের বসতবাড়ি রক্ষা পেয়েছে।
তিনি আরও জানান, আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাট ও টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ড এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।









