Ajker Patrika

মুন্সিগঞ্জে সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৩৮
মুন্সিগঞ্জে সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে তিনটি অস্ত্র, গুলি ও অস্ত্র বহনের ব্যাগসহ খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া গ্রামে তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিকাশ মোড়ল মধ্য বাঘড়া গ্রামের কাশেম মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বিকাশ মোড়লের বিরুদ্ধে মুন্সিগঞ্জের শ্রীনগর ও পাশের ঢাকা জেলার দোহার থানায় বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অপরাধমূলক কর্মকাণ্ডের পর তিনি আত্মগোপনে থাকতেন।

পুলিশ আরও জানায়, বিকাশ মোড়লকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি স্টিলের পাইপগান এবং চার রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে তিনটি সীসার ও একটি রাবারের।

এ ছাড়া দুটি স্টিলের পাইপ এবং ‘অ্যাকটিভ হান্টার’ লেখা কালো রঙের একটি কাঁধে ঝোলানো অস্ত্র রাখার ব্যাগ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটির গায়ে নম্বরের পাশাপাশি অস্পষ্টভাবে ‘ইউএসএ’ লেখা রয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, মুন্সিগঞ্জ জেলাকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শ্রীনগরে অস্ত্রসহ বিকাশ মোড়লকে গ্রেপ্তার পুলিশের একটি গুরুত্বপূর্ণ অভিযান। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত