Ajker Patrika

ঢাবির ভর্তি পরীক্ষা: শেষ এক মাসে করণীয়

ইয়াছিনুর রহমান পরান
ঢাবির ভর্তি পরীক্ষা: শেষ এক মাসে করণীয়

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার ফল পেয়েছ। যারা ভালো ফল করেছ, তাদের জন্য রইল শুভকামনা। তবে যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। মনে রেখো, ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য শুধু জিপিএ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টা।

১. ভর্তি পরীক্ষার আগের শেষ এক মাস নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়। এই সময়টুকু কাজে লাগাতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। নতুন বিষয় শেখার চেয়ে আগে পড়া বিষয়গুলো বারবার অনুশীলন ও পুনরাবৃত্তির ওপর বেশি মনোযোগ দিতে হবে। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে পরীক্ষার সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে।

২. যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারনি, তাদের জন্য একটি সহজ হিসাব তুলে ধরতে চাই। মনে করো, তুমি অন্যদের তুলনায় প্রতিদিন মাত্র ১৫ থেকে ৩০ মিনিট বেশি পড়লে। মাস শেষে এই বাড়তি পড়ার সময় দাঁড়াবে সাড়ে ৭ থেকে ১৫ ঘণ্টা। অর্থাৎ, প্রতিদিনের সামান্য বাড়তি পরিশ্রম মাস শেষে তোমাকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে দিতে পারে। বিষয়টি কি কখনো ভেবে দেখেছ?

৩. এটি শুধু খাতা-কলমের হিসাব নয়, বাস্তবেও এর প্রমাণ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমন অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ছিল না। অথচ নিজেদের চেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে তারা আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে।

৪. তাই অতীতের ফল নিয়ে পড়ে থেকো না। সামনে যে সুযোগ রয়েছে, সেটিকে কাজে লাগাও। অযথা সময় নষ্ট না করে প্রতিদিনের পড়াশোনার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো। পর্যাপ্ত ঘুম, পরিমিত বিশ্রাম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করো। মনে রেখো, শেষ মুহূর্তের সুশৃঙ্খল প্রস্তুতিও সাফল্যের পথ তৈরি করতে পারে।

হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। বিশ্বাস রাখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। ইনশা আল্লাহ, তোমার স্বপ্নও একদিন পূরণ হবে।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত