Ajker Patrika

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র

ময়মনসিংহ ও হালুয়াঘাট প্রতিনিধি
হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র
আগুনে নথিপত্র পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে থানার ভেতরে সেরেস্তা কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশকিছু দাপ্তরিক নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, আগুনের সূত্রপাত ও নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখতে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুড়ে যাওয়া কাগজপত্রের মধ্যে মামলাসংক্রান্ত নথি, দাপ্তরিক রেকর্ড কিংবা গোপনীয় কোনো কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা বা পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

কমিটি গঠন

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডির একটি দলসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে সেরেস্তা কক্ষে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত