
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মো. মুকতু মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মুকতু মিয়ার পরিবারের অভিযোগ, তাঁর ভাতিজির স্বামী সোহেল মিয়া এই হত্যাকাণ্ড ঘটান। আজ শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুকতু মিয়া কলাপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) পাশের ভরা গ্রামের বাসিন্দা। তবে বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে মুকতু মিয়া ও তাঁর আপন ভাই মফিজ মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁদের পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার জামাতা সোহেল। একপর্যায়ে সোহেল তাঁর হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুকতু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আলমগীর কবির আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মুকতু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কেরানীগঞ্জে মহাসড়ক দখল করে পশুর হাট এবং অস্থায়ী কাউন্টার স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই পশুর হাটের ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মহাসড়ক থেকে গরু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় ঝড়ে নৌকা ডুবে বাবা-ছেলেসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হিজলা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটে যাওয়ার সময় আটজন যাত্রী, জেলে কার্ডের ৫০০ কেজি চালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে খেলার মাঠ না থাকায় একদল তরুণ বোরো ধান কাটার পর খেতে পড়ে থাকা নাড়া পরিষ্কার করে অস্থায়ী ফুটবল মাঠ তৈরি করছেন। খেলাধুলার সুযোগ তৈরি করতে তাঁদের এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)।
২ ঘণ্টা আগে