
পূর্ব সুন্দরবনের কচিখালীতে ট্যুরিস্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক এক নারী পর্যটক মারা গেছেন। শনিবার বেলা ১১টায় ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’য় এ ঘটনা ঘটে। ওই পর্যটক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা বন বিভাগের।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, পর্যটকবাহী বিলাসবহুল ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’ শনিবার সকালে পর্যটনকেন্দ্র কচিখালীতে নোঙর করে। বেলা ১১টার দিকে সকালের নাশতা শেষে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) তাঁর কেবিনে যান। জাহাজের স্টাফ তাঁর জন্য কফি নিয়ে গেলে কেবিনের বিছানায় ওই পর্যটককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক পরীক্ষা করে জানান, কারমেল নোইলিন মারা গেছেন।
বন কর্মকর্তা রানা দেব জানান, মারা যাওয়া পর্যটকের সঙ্গে তাঁর বাংলাদেশি স্বামী রয়েছেন। তাঁর নাম জানা যায়নি। কারমেল নোইলিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ট্যুরিস্ট জাহাজে বিদেশি নাগরিক নারী পর্যটক মারা যাওয়ার খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে থানা থেকে কচিখালীতে পুলিশ পাঠানো হয়েছে।
ট্যুর অপারেটর অব সুন্দরবনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম আলাস্কা জাহাজে বিদেশি নারী পর্যটক মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৫ জন পর্যটক নিয়ে ট্যুরিস্ট জাহাজ আলাস্কা শুক্রবার খুলনা থেকে ছেড়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, শরণখোলা রেঞ্জ সদর থেকে বন বিভাগের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গেছে। পর্যটকবাহী জাহাজটিতে ৭৪ জন বাংলাদেশির পাশাপাশি একজন বিদেশি ছিলেন।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী-ডিমেরচরে সমুদ্রে ভেসে গিয়ে ঢাকার মাহিত আব্দুল্লাহ (১৬) নামের একজন পর্যটক মারা যান। ৩০ ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

পুরান ঢাকার সিদ্দিকবাজারে মুদিদোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার দায়ে এক ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ মামলার রায় দেন...
১ মিনিট আগে
ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাময়িক বন্ধের আদেশ অমান্য করে শরীয়তপুর জেলা শহরের হলিহার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা চালু রাখার অভিযোগ উঠেছে।
৫ মিনিট আগে
কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। অধ্যাপক রফিকুল বাড়ি থেকে মূল সড়কে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁর ঘাড়ে আঘাত করে পালিয়ে যান বলে জানিয়েছেন এসআই বিপ্লব শেখ।
১১ মিনিট আগে
কর্মস্থলের গেটে বাইরে থেকে তালা, ভেতরে পড়ে আছে নিরাপত্তাপ্রহরীর মরদেহ। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে কর্মস্থলে গিয়ে গেটে তালা দেখে ফিরে গিয়েছিলেন ছেলে। সন্ধ্যায় দায়িত্ব নিতে এসে একই অবস্থা দেখে সন্দেহ হয় আরেক নিরাপত্তাপ্রহরীর।
২২ মিনিট আগে