Ajker Patrika

রাজাপুরে আগুনে পুড়ল মুদি দোকান ও গুদাম, ১৫ লাখ টাকা ক্ষতির দাবি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০: ২৩
রাজাপুরে আগুনে পুড়ল মুদি দোকান ও গুদাম, ১৫ লাখ টাকা ক্ষতির দাবি
গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় দোকান ও গুদাম পুড়ে ছাই হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে আগুনে পুড়ে গেছে একটি মুদি ও মনোহারি দোকান এবং এর গুদাম। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদারের দাবি, আগুনে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিপন সিকদারের দোকানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান ও গুদামের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী রিপন সিকদার জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাত ৩টার দিকে বাজারের লোকজন ফোন করে আগুন লাগার খবর দেন। দোকানে নগদ টাকা প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, তেল, মুদি ও মনোহারি পণ্য এবং দুটি ফ্রিজ ছিল। এসব পুড়ে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রিপন সিকদারের দাবি, দোকানে অটো সার্কিট বসানো ছিল। তাই বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা নেই। রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত