Ajker Patrika

হুমকির এক মাস পর চয়নিকা ফার্মেসির ভেতরেই মালিকের ছেলেকে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১: ১০
হুমকির এক মাস পর চয়নিকা ফার্মেসির ভেতরেই মালিকের ছেলেকে গুলি
আহত জারিফুজ্জামান জারিফ। ছবি: আজকের পত্রিকা

ঠিক এক মাস আগে খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ‘চয়নিকা’ ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও দশটি মোটর সাইকেল চাঁদা দাবি করেছিল এক সন্ত্রাসী বাহিনীর প্রধান নূর আজিম। সেই সঙ্গে চাঁদা না দিলে ফার্মেসি মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়। এ অবস্থায় আতঙ্কে প্রতিষ্ঠানমালিক ফার্মেসিটি বন্ধ করে দেন। পরে পুলিশের আশ্বাসে ফার্মেসিটি চালু করার ১৩ দিনের মধ্যে আজ শুক্রবার সন্ধ্যায় মালিকের ছেলে জারিফকে গুলি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন ফার্মেসির সামনে আসে। তখন সেখানে কোনো পুলিশ ছিল না। এরপর একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়। এ সময় হঠাৎ বোরকা পরা লোকটি অস্ত্র বের করে ফার্মেসির ভিতরে একটি গুলি করে এবং মোটরসাইকেলে উঠে চলে যায়।

এরপর চিৎকার-চেচামেচি হয়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। গুলি হওয়ার কারণে তখন সেখানে ফাঁকা হয়ে যায়। এ অবস্থায় তিনি রিকশা নিয়ে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে (আহত জারিফুজ্জামান জারিফ) পাশের ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার পর ফার্মেসিটি ফের বন্ধ হয়ে গেছে।

চয়নিকা ফার্মেসি। ছবি: আজকের পত্রিকা
চয়নিকা ফার্মেসি। ছবি: আজকের পত্রিকা

এর আগে সন্ত্রাসীর হুমকির পর গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দেয়। এরপর পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি আবার চালু হয়। চালুর ১৩ দিনের মাথায় আজ সন্ত্রাসীরা ফার্মেসিতে ঢুকে গুলি করে দোকান মালিকের ছেলেকে। অন্যান্য দিনের মতো আজও দোকানে পুলিশ পাহারা ছিল। কিন্তু ঘটনার সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলে জানা গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ফার্মেসির সামনে এসে গুলি করে চলে যায়। গুলিটি ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। তিনি বলেন, ‘ফার্মেসিতে নিয়মিত পাহারা রয়েছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দূরে থাকতে পারে।’

এদিকে ঘটনার ওই এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত