Ajker Patrika

ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭: ০৮
ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলী হোসেন মোল্লা উপজেলার মৃত আনেচ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর রাজাপুর থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আলী হোসেন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে বলে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যান আলী হোসেন। পরে ছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত