জীবনে কখনো সম্পদ হারায়, কখনো প্রিয়জনকে হারানোর বেদনা তাড়া করে। আবার অসুস্থতা, ব্যর্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা মুহূর্তেই এলোমেলো করে দিতে পারে সাজানো জীবন। এমন দুঃসময়ে কেউ হতাশ হয়ে পড়েন, কেউ হারিয়ে ফেলেন সামনে এগিয়ে যাওয়ার সাহস। অথচ ইসলাম শেখায়, বিপদ-আপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এসব পরিস্থিতিতে ধৈর্য ধারণ, আল্লাহর ওপর ভরসা এবং সৎকাজে অবিচল থাকার মধ্যেই রয়েছে মুমিনের কল্যাণ।
১. আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা
বিপদে প্রথম করণীয় হলো আল্লাহর ওপর বিশ্বাস অটুট রাখা। মনে রাখতে হবে, দুনিয়ার জীবন পরীক্ষা। আল্লাহ বলেন, ‘যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম।’ (সুরা মুলক: ২)। তাই বিপদে হতাশ না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে হবে।
২. সৎকাজ অব্যাহত রাখা
দুঃসময় যেন মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে না দেয়। বরং নামাজ, দান-সদকা, মানুষের উপকার ও উত্তম আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ‘মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব।’ (সুরা নাহল: ৯৭)
৩. পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া
বিপদ মোকাবিলায় ধৈর্যের বিকল্প নেই। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)। রাসুলুল্লাহ (সা.)-ও বলেছেন, মুমিন আনন্দের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। (সহিহ মুসলিম: ২৯৯৯)
বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সহমর্মী মানুষের সহযোগিতা নিতে হবে। যতটা সম্ভব কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। জীবনের চলার পথে সাবধান ও সচেতন হয়ে চলতে হবে। এভাবেই ইমান, সৎকাজ, সত্য ও ধৈর্যের চর্চায় দুঃসময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।










