‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনে তাঁদের অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে। তবে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি গোদাগাড়ীতে তাঁর নানার বাড়িতে থাকেন।
গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে পাওয়া একটি ছবিতে দেখা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ‘দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। তাঁদের পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন জুলাই আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাঁরা।
পুলিশের ভাষ্য, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য দুজন থানার সামনের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁদের আটক করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলটির চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীর আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তবে গ্রেপ্তারের ঘটনার বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।
শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘আমার ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে সক্রিয় ছিল। আন্দোলনের সময় তাঁরা গোদাগাড়ীতে সামনের সারিতে ছিলেন।’
সাদিকুল ইসলামের অভিযোগ, থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কাউকে না কাউকে গ্রেপ্তার দেখাতে হবে। তাই তাঁর ছেলেসহ দুজনকে সামনে পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, ‘থানায় গেলে ওসি প্রথমে আমাকে জানান, থানার সামনের চায়ের দোকানে বসে ওই দুই যুবক মদ পান করছিলেন। তাহলে মদ পানের অভিযোগে মামলা না দিয়ে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হলো কেন?’
ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে সাদিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার চাপের কারণে কোনো রাজনীতিতে জড়ায়নি। আমাদের পরিবারও রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ‘গ্রেপ্তার দুজন জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা আমার জানা নেই। দুটি মোটরসাইকেলে চার যুবক স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে দুজন পালিয়ে গেলেও অন্য দুজনকে আটক করা হয়েছে। আমাদের কোনো ভুল হয়নি।’









