ঝালকাঠিতে অবৈধ দুই ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

ঝালকাঠিতে অবৈধভাবে ইট উৎপাদন ও ইটভাটা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় এক্সকাভেটর দিয়ে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার মেসার্স এ করিম ব্রিকস এবং নলছিটি উপজেলার জাগুয়ারহাট এলাকার মেসার্স এম এম বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন মেরিনা এবং পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









