ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালানোর অভিযোগে রাশিদুল হাসান নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।









