
সংসারের সচ্ছলতার আশায় দালালের প্রলোভনে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের রানা মিয়া (৩৫)। দেড় বছরের মাথায় সেই বুকভরা স্বপ্ন ভেঙে তিনি ফিরলেন লাশ হয়ে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
রানা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত জামেদ আলীর ছেলে। সংসারের উন্নতির আশায় তিনি প্রায় ছয় শতক বসতভিটা ৩ লাখ টাকায় বিক্রি করেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখা থেকে নেন আড়াই লাখ টাকা ঋণ। এরপর স্থানীয় দালাল, শিবপুর ইউনিয়নের সেলিম মিয়ার মাধ্যমে দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।
বিদেশে গিয়ে রানা মিয়া বুঝতে পারেন, তাঁকে ভালো কোনো কোম্পানিতে চাকরি দেওয়া হয়নি। বরং টুরিস্ট ভিসার কাগজে পাঠানো হয়েছে। এই ভিসায় কাজের সুযোগ সীমিত থাকায় তিনি বাধ্য হয়ে দালাল চক্রের অধীনে কঠোর পরিশ্রমের কাজ করতে থাকেন। কিন্তু কষ্টের বিনিময়ে উপার্জিত টাকাও হাতিয়ে নেয় ওই দালাল চক্র।
অসহায় হয়ে তিনি একাধিকবার স্থানীয় দালাল সেলিমের কাছে সাহায্য চান। কিন্তু কোনো সাড়া পাননি। পরে বাড়ি থেকে আত্মীয়স্বজনের কাছ থেকে আরও ৬০ হাজার টাকা ধার করে এক ব্যক্তির অধীনে মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজ শুরু করেন। এভাবেই ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন তিনি।
গত ৯ সেপ্টেম্বর রাতে ফুড ডেলিভারির সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান রানা মিয়া। তাঁর মৃত্যুর খবরে গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়ে। গতকাল সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। পরে রাতে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়ি পলুপাড়ায় নেওয়া হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
রানা মিয়া স্ত্রী আরেফা বেগম, ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছেলে আরাফাত ও পাঁচ বছরের শিশু রাফিকে রেখে গেছেন। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী। সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের বাড়িতে মানবেতর জীবন যাপন করছিলেন তিনি।
শোকে কাতর আরেফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভেবেছিলাম কষ্ট হলেও স্বামী টাকা উপার্জন করে ফিরবে। হয়তো আবার বসতভিটা কিনে সংসারে সুখ ফিরবে। কিন্তু দালালের খপ্পরে পড়ে সব শেষ হয়ে গেল। এখন আমি শুধু প্রতারক দালালের বিচার চাই। পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করছি।’
স্থানীয়দের দাবি, প্রতারক দালালদের কারণে প্রতিবছর অনেক পরিবার পথে বসছে। এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩ ঘণ্টা আগে