
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে (ডিসি) মঞ্চে রেখেই ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। মুক্তিযোদ্ধাদের একাংশের দাবি, আওয়ামী লীগ ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মঞ্চে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনেননি বলে দাবি করেছেন ডিসি।
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য দেন। তাঁদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি ছিদ্দিক ও ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য দেন। ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য শেষ করার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় মিলনায়তনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফিসফাস চললেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি।
এদিকে জেলা প্রশাসককে মঞ্চে রেখে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়ার ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন। তাঁরা জানান, জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘরানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক দুই কমান্ডার এ বি ছিদ্দিক ও ইদ্রিছ আলী ভূঁইয়া ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য দেন। এ সময় ইদ্রিছ আলী ভূঁইয়া ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান’ দিয়ে বক্তব্য শেষ করেন। মঞ্চে থাকা জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ কেউ কোনো প্রতিবাদ বা আপত্তি করেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। তাঁর ছেলে খালেদ সাইফুল্লাহ সাফাত জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ছিলেন। অন্যদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি ছিদ্দিক আওয়ামী লীগপন্থী। তিনি কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির একান্ত সহচর হিসেবে পরিচিত।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সময়ে যাদের দাপটের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যেত, তাঁদের অনেককেই এখনো বিভিন্ন অনুষ্ঠানে দাপটের সঙ্গেই অংশগ্রহণ করতে দেখা যায়। তাঁরা বক্তব্যও দেন। আজকের (সোমবার) সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁদের মধ্যে বেশ কয়েকজনের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা গেছে। এর মধ্যে সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য শেষ করার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। কিন্তু এ নিয়ে কেউ বাধা বা প্রতিবাদ করেননি।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনার দোসরদের জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত করার বিষয়ে জেলা প্রশাসককে আমরা বিভিন্ন সময়ে সতর্ক করেছি। কিন্তু তিনি আমাদের কোনো কথা শুনছেন না। এরই ফলে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন একটি ঘটনা ঘটেছে, যা মেনে নেওয়ার মতো নয়। আমি মনে করি, এটি জেলা প্রশাসনের ব্যর্থতা। আমরা এর প্রতিবাদ জানাই।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, আজকে কিশোরগঞ্জে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। ’২৪-এর শহীদ ভাইদের সঙ্গে এটি প্রতারণা। আমরা মনে করি, প্রশাসনে আওয়ামী লীগের অনেক দোসর রয়েছেন। আওয়ামী লীগের সময় তাঁরা দলীয় বিবেচনায় নিয়োগ এবং পদোন্নতি লাভ করেছেন। প্রশাসনের অনেকে মনে করে যে আওয়ামী লীগ ফিরে আসবে।
অভিযোগের বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া বলেন, ‘এটা বক্তব্য শেষে একটা পর্যায়ে বলে ফেলেছি। ২০২৪ আর ‘৭১ এক নয়। আমরা শরীরের রক্ত দিয়ে যুদ্ধ করছি।’
স্লোগানের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘আমি তো শুনিনি। আমি শুনতে পাইনি।’
আরও খবর পড়ুন:

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং আইনের মামলায় দণ্ডিত হওয়ার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বরখাস্ত করা অফিস সহকারী মো. শামসুল ইসলাম। স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আত্মসমর্পণের এ ঘটনায়...
২ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঘিওর থানা-পুলিশ ও মামলা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ভুক্তভোগী নারী অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশী।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. নাজিম উদ্দিন (৫০) নামের পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এই রায় ঘোষণা করেন।
৪২ মিনিট আগে
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা...
১ ঘণ্টা আগে